জার্মানির হামবুর্গে গির্জায় হামলাকারী কে এই ফিলিপ

জার্মানির বন্দরনগরী হামবুর্গের আলস্টারডর্ফে বর্সটেল অঞ্চলের সীমানায় অবস্থিত প্রার্থনালয়ে হামলাকারীর নাম ফিলিপ এফ বায়ার্ন (৩৫)। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ওই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় আটজন নিহত হয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে বলে জানিয়েছেন স্থানীয় স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডি গ্রোটে। হামলায় নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। নিহতদের বয়স ৩৩ থেকে ৬০-এর মধ্যে। তারা সবাই জার্মান নাগরিক।

শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেলে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও অ্যাটর্নি জেনারেল হামলাকারীর পরিচয় প্রকাশ করে জানায়, হামলাকারী ফিলিপ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০১৫ সাল থেকে হামবুর্গেই বসবাস করতেন। তিনি ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন। এ ছাড়াও দিনি যিহোভার সাক্ষী সম্প্রদায়ের একজন উপাসক ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে অনুপস্থিত ছিলেন তিনি। ঘটনার দিন স্থানীয় সময় সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানটি শুরু হওয়ার দুইঘণ্টা পরই গীর্জায় আসা উপাসকদের ওপর লাইসেন্স করা পিস্তল দিয়ে কমপক্ষে ৯ রাউন্ড গুলি চালান ফিলিপ।

হামবুর্গ পুলিশ জানায়, হামলাকারীর একটি অস্ত্রের লাইসেন্স ছিল এবং বৈধভাবেই সেমি-অটোমেটিক পিস্তলটি রাখতেন তিনি। ফিলিপ এফ এই হামলা কেন চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে অজ্ঞাত সূত্রে জানতে পেরেছেন তদন্তকারীরা।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এই হামলাকে 'নিষ্ঠুর সহিংসতা' হিসেবে অভিহিত করেছেন। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার।

এনবিএস/ওডে/সি

Walton Ads