ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষ চালালো উত্তর কোরিয়া

এবার সাবমেরিন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গত রোববার পারমাণবিক শক্তিধর দেশটি সাবমেরিন থেকে দু’টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিশাল সামরিক মহড়া শুরুর কয়েক ঘন্টা এ পরীক্ষা চালালো দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ এখবর জানায়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ১০ দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে আজ। ‘কৌশলগত’ শব্দটি সাধারণত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অস্ত্র বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সর্বশেষ এই পরীক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেমের নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে এবং একইসঙ্গে সাবমেরিন ইউনিটগুলোর ডুবো আক্রমণাত্মক অপারেশনও এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, যা মূলত উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরক্ষা কৌশলেরই অংশ।

উত্তর কোরিয়া জানায়, তাদের ক্রুজ ক্ষেপনাস্ত্র দু’টি কোরীয় উপদ্বীপের পূর্বের উপকুলে নির্ধারিত লক্ষবস্ততে আঘাত হেনেছে। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের সিনপো শহরের কাছের পানি সীমায় সাবমেরিন থেকে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিন কোরিয়া বলেছে, তারা ক্ষেপনাস্ত্র নিক্ষেপের বিষয়টি সনাক্ত করতে পেরেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছেন, তাদের সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে উত্তর কোরিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে সুনির্দিষ্ট বিশ্লেষণের কাজ করছে। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী  আজ সোমবার থেকে তাদের ‘ফ্রিডম শিল্ড’ নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। ২০১৮ সালের পর থেকে এই প্রথমবারের মতো এতো বড় আকারের সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। যদিও পাঁচ বছর আগে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণকে আরও এগিয়ে নেয়ার জন্য শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টাকে কাজে লাগাতে এমন মহড়া স্থগিত করেছিল ওয়াশিংটন ও সিউল। দক্ষিণ কোরিয়া ও মার্কিন সশস্ত্র বাহিনী জানায়, এই মহড়া ২৩ মার্চ পর্যন্ত চলবে।
 
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই ধরনের সামরিক মহড়াকে উত্তর কোরিয়া তাদের ওপর হামলা চালানোর মহড়া হিসাবে দেখে থাকে। আর তাই  আত্মরক্ষার জন্য পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে। ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা দেশটির সেই নীতির বহি:প্রকাশ ঘটে।

উত্তর কোরিয়া গত বছর প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। যার মধ্যে আটটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও রয়েছে। দেশটির ইতিহাসে যা এক বছরে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষার রেকর্ড। উত্তর কোরিয়া হুঁশিয়ার করে দিয়ে বলেছে, এ ধরণের বড় মহড়া চালানো তারা ‘যুদ্ধ ঘোষণার সামিল’ বলে মনে করছে।

এক পৃথক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র যৌথ মহড়ার বিষয় চাপা রাখার ষড়যন্ত্র হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংএর মানবাধিকার নিয়ে বৈঠকের ডাক দিয়েছে। পিয়ংইয়ং মানবাধিকার নিয়ে হৈচৈ করার মার্কিন দুরভিসন্ধির তীব্র নিন্দা করে বলে যে, এটি হচ্ছে তাদের দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের চরম শত্রুতার বহি:প্রকাশ।

এনবিএস/ওডে/সি

Walton Ads