ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
১৬ মার্চ পর্যন্ত এই গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। ইমরান খানকে ২৯ মার্চের আগে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
ইসলামাবাদের জনসভায় একজন মহিলা বিচারপতির উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার মামলায় জেলা দায়রাজজ মঙ্গলবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে আদালতে একটি আবেদন পেশ করার পর এই আদেশ দেওয়া হয়। তার আবেদনের উপর শুনানি করেন বিচারপতি ফৈজান হায়দার গিলানি।
তার একদিন আগে সিনিয়র সিভিল জাজ রানা মুজাহিদ রহিম ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এতে কারণ বলা হয়েছে, ইমরান খান ধারাবাহিকভাবে আদালতে হাজির হওয়াকে এড়িয়ে যাচ্ছিলেন। এরপরই ইসলামাবাদ পুলিশের একটি দল হেলিকপ্টারে করে লাহোর চলে যান পিটিআই প্রধানকে গ্রেপ্তার করার জন্য।
শুনানিতে ইমরান খান হাজির না হলেও তিনি সশরীরে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি চান এবং ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণের অনুমতি চান তিনি।
আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর আবেদন খারিজ করে দেন। পুলিশকে আদেশ দেন, ইমরান খানকে যেন ২৯ মার্চের আগেই আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে ইমরান খানের আইনজীবীরা বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবই জামিনযোগ্য।
এনবিএস/ওডে/সি