পুলিশ চলে যেতেই সমর্থকদের কাছে চলে আসেন ইমরান খান
ইমরান খানকে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা করতে গত বুধবার সারাদিন তার বাড়ির সামনে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর পুলিশ চলে যেতেই গ্যাস মাস্ক পরে বাইরে আসেন তিনি। সাবেক পাক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান কিছুতেই আত্মসমর্পণ করবেন না। ধরাও দেবেন না। অবশেষে তাকে গ্রেপ্তার করা ছাড়াই পুলিশ তার বাস ভবনের সামনে থেকে সরে যায়।
এর আগে ২২ ঘন্টা ধরে লাহোরের জামান পার্কে ইমরান খানের বাড়ির বাইরে সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশ লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে। দীর্ঘ সময় বাড়ি ঘেরাও করে রেখেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আদালত ইমরানের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দেন। এর পরেই পুলিশকে সরিয়ে নেয়া হয়। পুলিশ চলে যাওয়ার পরই বাড়ির বাইরে বেরিয়ে আসেন ইমরান। এসময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মাস্ক পরেই তার দলের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন।
গত প্রায় দুই দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় লাহোরজুড়ে। পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে পুলিশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস থেকে শুরু করে জল কামান ব্যবহার করা হয়। উল্টোদিকে পুলিশকে লক্ষ্য করে চলে লাগাতার ইটবৃষ্টিও। সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৪ জনই পুলিশ। আহতদের লাহোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনবিএস/ওডে/সি