চীনা প্রভাব মোকাবিলায় আফ্রিকা সফরে কমলা হারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস আফ্রিকায় মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও মহাদেশটির অর্থনীতি উন্নয়নে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রতিদ্বন্দ্বী  চীনের প্রভাব মোকাবিলা করার লক্ষ্য আফ্রিকায় তার এক সপ্তাহের সফরের শুরুতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

গত কয়েক দশকে চীন আফ্রিকায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে।  এ অর্থ যেসব খাতে বিনিয়োগ করা হয়েছে তার মধ্যে রয়েছে অবকাঠামো ও সম্পদ উন্নয়ন। কেবল চীন নয় আফ্রিকায় রাশিয়ার প্রভাবও বাড়ছে। রাশিয়া তার বেসরকারী সামরিক ঠিকাদার ওয়েগনার গ্রুপের মাধ্যমে সেনা মোতায়েন করা ছাড়াও কয়েকটি দেশের সরকারকে নানাভাবে সহায়তা দিচ্ছে।

গত রোববার ঘানায় পৌঁছার পরই কমলা বলেন , এ সফরকালে আমি আফ্রিকায় বিনিয়োগ বৃদ্ধি এবং প্রবৃদ্ধি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ল্েক্ষ্য কাজ করতে চাই।’ তিনি এরপর তানজানিয়া ও জাম্বিয়া সফর করবেন। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রতিদ্বন্দ্বী শক্তিবর্গের বিকল্প হিসেবে আফ্রিকার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছে।

গত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র-আফ্রিকা শীর্ষ সম্মেলনের আগে ওয়াশিংটন আগামী তিন বছরে আফ্রিকায় সাড়ে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেয়। পররাষ্ট্র মন্ত্রী এন্টোনি ব্লিনকেন চলতি মাসে নাইজার সফরকালে আফ্রিকার সাহেল অঞ্চলের জন্য ১৫ কোটি ডলারের মানবিক সহায়তার কথা ঘোষণা করেন। তবে প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট হিসেবে এখনো আফ্রিকা সফর করেননি।

যুক্তরাষ্ট্রের এক জন সিনিয়র কর্মকর্তা বলেন, এ সফরকালে কমলা আফ্রিকায় চীনের প্রযুক্তি ও অর্থনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে আলোচনা করবেন। এ বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। এ ছাড়া তিনি চীনের ঋণ পুণর্গঠনের বিষয় নিয়েও তিনি আলোচনা করবেন।

কমলা চলতি সপ্তাহে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাবেক দাস ব্যবসার দূর্গ পরিদর্শন করবেন। কুখ্যাত দাস ব্যবসার যুগে ওই দুর্গ থেকে আফ্রিকার লোকদেরকে দাস হিসেবে আমেরিকায় চালান দেয়া হতো। কমলা ২৯ মার্চ ঘানা থেকে তানজানিয়া যাবেন। এরপর তিনি  ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত জাম্বিয়া সফর করবেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads