মিয়ানমারে ৪ দিনে ৭৯ সেনা নিহত, কারেন রাজ্যের কমান্ডার বরখাস্ত

সংঘর্ষে চারজন প্রতিরোধ যোদ্ধাও নিহত হয়েছে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) দেশজুড়ে জান্তা বাহিনীর উপর হামলার তীব্রতা বাড়িয়েছে। তবে উল্লিখিত নিহতের ঘটনা ঘটেছে মাগওয়ে, সাগায়িং এবং বাগো অঞ্চলে এবং চিন ও কারেন রাজ্যে। পিডিএফ সূত্র জানিয়েছে, আহত হয়েছেন আরো অনেকেই। মাগওয়ে অঞ্চলেই ৪৫ জন জান্তা সেনা নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে ১০ জন।

কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সঙ্গে সংঘর্ষে কারেন রাজ্যে জান্তাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার পর রাজ্য কমান্ডার লে. জে. খিন হ্লায়িংকে বরখাস্ত করেছে জান্তা সরকার। তিনি হলেন বরখাস্ত হওয়া দ্বিতীয় কমান্ডার। এর আগে গত বছর সাগায়িং অঞ্চলের কমান্ডার খিন হ্লায়িংকে একই কারণে বরখাস্ত করা হয়েছে।

কারেন রাজ্যের তত্ত্বাবধানে থাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমান্ডার মেজর জেনারেল মাইয়াত থেট ওকেও প্রত্যাহার করা হয়েছে। এর থেকে বুঝা যায় কারেন রাজ্যে জান্তাদের ব্যাপক বিপর্যয় মেনে নিতে পারেননি জান্তা প্রধান মিন অং হ্লায়িং। সম্প্রতি কেএনইউ জান্তা সেনাদের একটি কৌশলগত সেনা ছাহনিতে হামলা চালায়। তাতে ১৬ জান্তা সেনা নিহত হয়।

জান্তা প্রধানের বিশ্বাসভাজন ইয়ানগুনের কমান্ডার মেজর জেনারেল নাইয়ুন্ত উইন সুয়েকে লে. জে. পদে উন্নীত করে খিন হ্লায়িংয়ের স্থানে পাঠানো হয়েছে। তাকে বিশেষ অভিযানের ব্যুরো প্রধান করা হয়েছে।

গত সোমবার সেনা দিবসে মিন অং হ্লায়িং মিয়ানমার থেকে সকল বিদ্রোহী গ্রুপকে সমূলে উৎপাটনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জান্তা প্রধানের এই বক্তব্যকে কেএনইউ অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিয়েছে।  

এনবিএস/ওডে/সি

Walton Ads