জাপানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাসানোরির মৃত্যু
জাপানের বিখ্যাত প্রাণীবিদ ও চলচ্চিত্র নির্মাতা মাসানোরি হাতা মৃত্যুবরণ করেছেন। ৮৭ বছরবয়সী মি. হাতা তার সারাটা জীবন মানুষের সঙ্গে প্রাণীর যোগাযোগ স্থাপনের চেষ্টা করে গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে।
মাসানোরি হাতা জীবনের বেশিরভাগ সময় জাপানের উত্তরাঞ্চলে হকোইদো দ্বীপে বসবাস করেছেন। যেখানে তিনি ও তার স্ত্রী থাকতেন বাদামী ভালুক, ঘোড়া এবং বিভিন্ন আকারের কুকুর নিয়ে।
মাসানোরি হাতা ছিলেন একজন জাপানি প্রাণীবিদ, প্রাবন্ধিক এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি আবার মুতসুগোরো নামে প্রবন্ধ লিখতেন। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক প্রবন্ধকার। ১৯৭৭ সালে তিনি তাঁর লেখার জন্য কিকুচি কান পুরস্কারে ভূষিত হন। তিনি সম্ভবত ১৯৮৬ সালের ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ মিলো অ্যান্ড ওটিস’ চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে পশ্চিমে সর্বাধিক পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে এই চলচ্চিত্রটি মুক্তি পায়। প্রায় এক দশক চলচ্চিত্রটি শিশুদের কাছে ছিল খুব জনপ্রিয়।
মাসানোরি হাতা জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা শহরে জন্মগ্রহণ করেন। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে তিনি অ্যানিমেল ফিজিওলজি বিষয়ে ডিগ্রি লাভ করেন। এরপর তিনি গক্কেন শিক্ষা প্রতিষ্ঠানের চলচ্চিত্র বিভাগে যোগ দেন এবং ২০টি ডকুমেন্টারি তৈরি করেন।
ইংরেজিতে অনুবাদ হওয়া ‘উই অ্যানিমেলস আর অল ব্রাদার্স’ বইয়ের জন্য তিনি ১৯৬৮ সালে ‘দ্য জাপান এসায়িস্টস্ ক্লাব’ পুরস্কার লাভ করেন। ১৯৭৭ সালে সাহিত্যের জন্য তিনি জাপানের ‘কিকুচি কান’ পুরস্কার পান।
এনবিএস/ওডে/সি