সিরিয়ায় রকেটের জবাবে কামান হামলা ইসরায়েলের

ইসরায়েল সিরিয়ায় কামান হামলা চালিয়েছে। সিরিয়া থেকে ইসরায়েলে উত্তরাঞ্চলে কয়েকটি রকেট নিক্ষেপের পর এ হামলা চালালো দেশটি। তবে রকেট নিক্ষেপে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

গাজা, লেবানন ও পশ্চিম তীরে সংঘর্ষ-সহিংসতার মধ্যে আজ রোববার (৯ এপ্রিল) ভোর রাতে উভয় দেশের সীমান্তে ওপারে এ রকেট ও কামানের গোলা বিনিময়ের ঘটনা ঘটল। সিরিয়া সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সিরিয়া থেকে রকেট ও একটি ড্রোন হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে তারা দেশটিকে কামানের গোলাবর্ষণ করেছে।

আজ ভোরে সিরীয় ভূখন্ড থেকে ইসরায়েলে দু’দফা রকেট নিক্ষেপ করা হয়। প্রথম দফায় নিক্ষিপ্ত ৩টি রকেটের প্রথমটি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি মাঠে পড়ে। দ্বিতীয় দফায় ৩টি রকেট নিক্ষেপের পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে উঠে। তবে হতাহতের কোনা খবর পাওয়া যায়নি।

লেবাননের আলমায়েদীন টিভি জানায়, ফিলিস্তিনী ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড এ রকেট নিক্ষেপের দাবি করেছে। আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ফিলিস্তিন-ইসরায়েল তীব্র উত্তেজনা চলার মধ্যে আজ এ রকেট নিক্ষেপের ঘটনা ঘটে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ইসলামের তুতীয় পবিত্রতম স্থান। স্থানটি লংলগ্ন টেম্পল মাউন্ট ইহুদীদের কাছেও পবিত্র স্থান। মসজিদ চত্বরে অমুসলিমদের  উপাসনা করার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে উগ্রপন্থী ইহুদীরা তা লংঘন করার চেষ্টা করছে। আর এ কারণে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মুসলমানদের পবিত্র রমজান মাসেই এবারের ইহুদীদের পাসওভার ও খ্রিস্টানদের ইস্টার উৎসব পড়েছে। এতে উত্তেজনার মাত্রা এ বছর আরো তীব্র হয়েছে। আল-আকসায় মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপগুলো লেবানন ও গাজা থেকে ইসরায়েলে অনেকগুলো রকেট নিক্ষেপ করে বৃহস্পতিবার। এরপর ইসরায়েল উভয় স্থানে হামাসের লক্ষবস্তুতে বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এদিকে পৃথক ঘটনায় ইসরায়েলের সেনারা শনিবার পশ্চিম তীরে দু’ ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। আজ পাসওভার উপলক্ষে আল-আকসা মসজিদের পশ্চিমের দেয়ালে হাজার হজার ইহুদী সমবেত হবে বলে মনে করা হচ্ছে। এ জন্য ইসরায়েল জেরুজালেমে দু’হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করেছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads