সেনাবাহিনীর বিমান হামলায় মিয়ানমারে নিহত ৫৩

মঙ্গলবার প্রতিরোধ যোদ্ধাদের শক্ত ঘাঁটি সাগায়িং অঞ্চলে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা। হামলা চালানো হয় এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে। তাতে ৫৩ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে অনেকে। সামরিক বাহিনী দেশটির ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর এটাই হলো সবচেয়ে বড় ধরনের হামলা। 

প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা যায়, ইয়ানগুন থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে পাজিগ্যি এলাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, একটি প্রশাসনিক দপ্তরে এ সময় একটি অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক বেসামরিক লোক জড়ো হয়েছিল। 

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ‘হামলা চালানো হয় সকাল সাতটা ৩৫ মিনিটে।’ তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অকুস্থলে ৪০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তাদের সকলেই বেসামরিক লোক, যা সেনাবাহিনী টার্গেট করেছে।’

সেনা শাসকদের কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার অভিযোগ আনা হয়েছে অনেক আগেই। কারণ তারা দেশটির দখল নেওয়ার জন্য সশস্ত্র প্রতিরোধকে দমন করতে বড় ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে। 

গত সপ্তাহে জান্তা প্রধান মিন অং হ্লায়িং তার শাসনের বিরুদ্ধে যারা সন্ত্রাস করছে, তাদের নির্মূল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

এনবিএস/ওডে/সি

Walton Ads