অর্থের অভাবে শ্রীলঙ্কার স্থানীয় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত


নির্বাচন কমিশন মঙ্গলবার বলেছে, এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। 
১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। বিশেষ করে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যের কোঠায় চলে যায়। এজন্য দেশটিতে ব্যাপক রাজনৈতিক ও মানবিক সংকট দেখা দেয়। 

এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দেশজুড়ে আগামী ২৫ এপ্রিল ৩৪০টি স্থানীয় কাউন্সিলের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তহবিলের তীব্র ঘাটতির কারণে এ নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না বলেও নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন। কমিশনের মহাপরিচালক সামান শ্রী রত্নায়েকে বলেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তহবিলের জোগান নিশ্চিত করার পরই নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

 গত ৯ মার্চ শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান অর্থনৈতিক সংকটের কারণে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করা হয়। এমনকি পোস্টাল ভোটিং পরিচালনার জন্য ব্যালট পেপার ছাপানোর মতো অর্থও না থাকায় গত মাসে পোস্টাল ভোটের ব্যবস্থাও বাতিল করে দেশটির জাতীয় নির্বাচন কমিশন।

 নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন আয়োজনের জন্য ৫শ মিলিয়ন রুপি প্রয়োজন হলেও রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র ৪০ মিলিয়ন লঙ্কান রুপি বরাদ্দ দেয়া হয়েছিল। এর আগে, গত মার্চেই দেশটির ৩৪০টি স্থানীয় কাউন্সিলের এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সেবারও একই কারণে স্থগিত করা হয়েছিল নির্বাচন।

এনবিএস/ওডে/সি

Walton Ads