উত্তর কোরিয়াকে ‘ভয় দেখাতে’ ত্রিদেশীয় জোটবদ্ধ মহড়ার ঘোষণা

উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, দেশটি ইতোমধ্যে একটি নতুন সলিড-ফুয়েলের আন্ত:মহাদেশীয় আইসিবিএম ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সম্বিত ফিরে পাওয়ার আগেই এই ক্ষেপনাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই পরীক্ষা চালানো হয়েছে বৃহস্পতিবার। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থায় বলা হয়েছে, নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়েছে।

উত্তর কোরিয়ার এই বিরামহীন একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রচেষ্টাকে চাপে রাখতে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এ মহড়ায় মূলত তিন দেশের ক্ষেপণাস্ত্র ও সাবমেরিক সুরক্ষা ব্যবস্থার প্রদর্শন ও পরীক্ষা করা হবে।

ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তিন দেশের প্রতিরক্ষাবাহিনীর প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। কোরিয়া প্রণালী ও জাপান সাগারে উত্তর কোরিয়ার ‘দৌরাত্ম্য’ প্রতিরোধ করতে ’১৩তম ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ’ নামে একটি জোট আছে তিন দেশের। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জোটভুক্ত তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে। সে বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

তিন দেশের প্রতিরক্ষা প্রতিনিধিরা উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ও সাবমেরিন ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, তাদের মহড়া হবে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপনাস্ত্র হুমকির জবাব।  

উত্তর কোরিয়াকে হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা উত্তর কোরিয়াকে যাবতীয় বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলছি, যদি উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কোনো পরীক্ষা-নিরীক্ষা চালায় - সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও কঠোরভাবে তার জবাব দেবে।’

কেসিএনএতে এই খবর প্রকাশের পরই ওয়াশিংটনে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এই তিনটি দেশকে বরাবরই নিজেদের প্রধান শত্রু বলে উল্লেখ করে আসছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

এনবিএস/ওডে/সি

Walton Ads