প্রচণ্ড গরমে ভারতের পশ্চিমবাংলায় স্কুল বন্ধ ঘোষণা
ভারতের পশ্চিমবাংলায় আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সব সরকারি স্কুলে সোমবার থেকে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, আগামী সপ্তাহেই রাজ্যের সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়কে ছুটি দিতে বলেছেন তিনি।
ভারতে দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের পরিস্থিতিও মোটের উপর একই। পার্বত্য এলাকার দুই জেলা বাদ দিলে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবল গরম। পয়লা বৈশাখে পশ্চিমবাংলা রাজ্যের ১৪ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছিল। বৈশাখের দ্বিতীয় দিনেও সূর্যের আগুনে চেহারায় হাঁসফাস দশা আট থেকে আশির।
এই পর্বে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুতরাং পরিস্থিতি যে আরও দুর্বিষহ হতে চলেছে তা অনুমান করা যাচ্ছে। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়তে পারে স্কুল পড়ুয়ারাও। সেই কারণেই এবার গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার একটা সম্ভাবনা আগে থেকেই ছিল।
এনবিএস/ওডে/সি