পুলিশের সামনে হত্যা, ভারতে আইনশৃঙ্খলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘উত্তরপ্রদেশ অপরাধের পরাকাষ্ঠা হয়ে উঠেছে। অপরাধীদের মনোবল আরও মজবুত হচ্ছে। যখন পুলিশের ঘেরাটোপে থাকা একজনকে এভাবে খুন করা যেতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। মনে হচ্ছে, কিছু মানুষ সব জেনে বুঝে এমন বাতাবরণ তৈরি করছেন।’

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, যে সমাজে খুনিরা হিরো হয়, সে সমাজে আদালত ও বিচার ব্যবস্থার কাজ কী?  ওয়াইসি বলেন, ‘আতিক ও তার ভাই পুলিশ হেফাজতে ছিলেন। তারা হাতকড়া পরানো অবস্থায় ছিল। ‘জেএসআর’ শ্লোগানও ওঠে। উভয়েরই হত্যা যোগীর আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতা। যারা এনকাউন্টার রাজ উদযাপন করছে তারাও এই হত্যার জন্য দায়ী।’

তিনি বলেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এর পর কী ভারতের সংবিধান ও আইনশৃঙ্খলার প্রতি জনগণের আস্থা থাকবে? তার অভিযোগ, এতে উত্তর প্রদেশের বিজেপি সরকারের ভূমিকা রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত এবং একটি কমিটি গঠন করা উচিত। কমিটিতে উত্তর প্রদেশের কোনও কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা উচিত নয়।

ওয়াইসি বলেন, আমি শুরু থেকেই বলে আসছিলাম উত্তর প্রদেশে বিজেপি সরকার আইন অনুযায়ী নয়, বন্দুকের জোরে চলছে। আমরা এ কথার পুনরাবৃত্তি করছিলাম, কিন্তু সবাই মনে করেছিল যে আমরা ফালতু কথা বলছি। এতে সংবিধানের প্রতি মানুষের আস্থা কমে যাবে। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই বলেও মন্তব্য করেন আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি আরও বলেন, গুলি করে ‘ধর্মীয় স্লোগান’ দেওয়া হল কেন? তাদেরকে সন্ত্রাসী না বললে কী দেশপ্রেমিক বলা হবে? জানা গেছে, হামলাকারীরা আতিক আহমদ ও আশরাফকে একের পর এক গুলি করে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিয়ে আত্মসমর্পণ করে।

আতিক আহমদ ও তার ভাই আশরাফ হত্যা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সিনিয়র  নেতা রশিদ আলভি। তিনি বলেন, এ থেকে বোঝা যায় উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা কেমন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা খুব ভালো। এটা একটা বড় ষড়যন্ত্র, তদন্ত হওয়া উচিত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা রশিদ আলভি।

এনবিএস/ওডে/সি

Walton Ads