সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

 সৌদি আরবে ঈদুল ফিতর ২২ এপ্রিল, শনিবার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটি জানিয়েছে, ২০ এপ্রিল, বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। এর আগে শুক্রবার ঈদ হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
আইএসি টুইটারে এক বিবৃতিতে আগামী শনিবার ঈদ হওয়ার পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উল্লেখ করেছে এটি একটি বৈজ্ঞানিক কেন্দ্র যা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য প্রদান করে। তাদের আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেওয়ার কোনো এখতিয়ার নেই। ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

আইএসি জানিয়েছে, আরব ও ইসলামী বিশ্বের কোথাও আগামী বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। লিবিয়া ও পশ্চিম আফ্রিকার কিছু অংশ বাদে বেশিরভাগ আরব দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা সম্ভব নয়। তাই শনিবার সম্ভবত ঈদুল ফিতরের প্রথম দিন হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির জনগণকে বৃহস্পতিবার চাঁদ দেখতে পাওয়ার খবর জানানোর জন্য অনুরোধ করেছে। ১৭ এপ্রিল, সোমবার সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২১ এপ্রিল, শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের সরকারী ছুটি শুরু হবে। বেসরকারি ও অলাভজনক সেক্টরে চারদিন ছুটি থাকবে বলে জানিয়েছে তারা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার ঈদের সঠিক তারিখ ঘোষণা করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার ঈদ হলে বাংলাদেশে ২৩ এপ্রিল, রোববার ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads