সৌদি বাদশাকে তেহরানে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট রায়িসি
দুই দেশের মধ্যে দীর্ঘ সাত বছর পর সম্পর্ক স্থাপনের পর উভয় পক্ষ থেকেই ধারাবাহিকভাবে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে রমজানের শুভেচ্ছা বিনিময় এবং পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি বৈঠক আয়োজিত হয়েছে। এর আগে সৌদি বাদশাহ ইরানের প্রেসিডেন্টকে রিয়াদে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার সৌদি বাদশাহকে ইরান সফরের আমন্ত্রণ জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
জিও টিভি জানিয়েছে, আগামী ৯ মের মধ্যে দুই দেশ একে অপরের রাজধানীতে কূটনৈতিক মিশন চালু করবে। ইরানি মুসল্লিরা যাতে এবারের পবিত্র হজে অংশ নিতে পারেন, সে জন্য উভয় দেশ সময়মতো দূতাবাসগুলো সক্রিয় করার ওপর জোর দিচ্ছে। এরইমধ্যে উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দূতাবাস ও কনস্যুলেট পরিদর্শন করেছেন।
চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরবের মধ্যেকার সম্পর্ক স্থাপনের আলোচনা ফলপ্রসূ হয়েছে। গত ৯ই মার্চ দুই দেশ সম্মত হয় কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করতে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গত ৬ই এপ্রিল ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীরা বেইজিংয়ে বৈঠক করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলি যে যুক্তরাষ্ট্রকে ছেড়ে ক্রমশ চীনের দিকে ঝুঁকছে তার প্রমাণ পাওয়া যায় বেইজিং-এর এই সফল কূটনৈতিক প্রচেষ্টায়।
এনবিএস/ওডে/সি