বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

বুধবার (০৩ মে) ব্যাংকটি তাদের ওয়েবসাইটে জানেয়েছে, বিশ্ব ব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মাস্টারকার্ডের সাবেক বস ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা।

ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির নির্বাহী পরিচালকরা অজয় বাঙ্গাকে আগামী ৫ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছেন। আগামী ২ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

গত ফেব্রুয়ারি মাসে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তার মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগের ঘোষণা দেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের এপ্রিলে। ম্যালপাসের পদত্যাগের ঘোষণার পর তার স্থলে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গাকে মনোনয়ন দিয়েছেন।
 
বাঙ্গা যুক্তরাষ্ট্রের ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা বা সিও ও হিসেবে দায়িত্ব নেন তিনি। মাস্টারকার্ডে যোগ দেয়ার আগে বাঙ্গা এক দশকের বেশি সময় ভারতে সিটি গ্রুপ ও নেসলেতে চাকরি করেছেন।

ভারতের পুনেতে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন অজয় বাঙ্গা। তার বাবার নাম হরভজন সিং বাঙ্গা ও মা যশবন্ত বাঙ্গা। হরভজন সিং ভারতীয় আর্মির জেনারেল ছিলেন। অজয় বাঙ্গার সহধর্মিণী রিতু বাঙ্গা।
 
১৯৯৬ সালে অজয় বাঙ্গা ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এই অজয় বাঙ্গাই হতে যাচ্ছেন জন্মসূত্রে প্রথম ভারতীয় নাগরিক, যিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads