ভারতের মণিপুরে চূড়ান্ত পরিস্থিতিতে ‘দেখামাত্র গুলি’র নির্দেশ
ভারতের মণিপুর রাজ্য সরকার বিক্ষোভকারীদের ‘দেখামাত্র গুলির’ নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (৪ মে) এই নির্দেশ জারি করা হয়। সহিংসতা বন্ধে সরকার নিরাপত্তা পরিস্থিতি জোরদার করেছে এবং সেনা মোতায়েন করেছে।
সেনাবাহিনী ও আসাম রাইফেলের সদস্যদের মোতায়েন করা হচ্ছে সহিংসতা দমনের জন্য।
বুধবার অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন আদিবাসী ঐক্য মিছিলের ডাক দেয় চূড়াচাঁদপুর জেলায়। সেই মিছিল থেকেই সংঘাতের সূচনা। বহু এলাকায় হাতাহাতি, মারধর, দোকানপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের আট জেলায় জারি করা হয়েছে কারফিউ।
এক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর যদি আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে তা মোকাবিলার জন্য ১৪ কলাম সেনা প্রস্তুত রাখা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে। দাঙ্গা মোকাবিলার জন্য এই বিশেষ বাহিনীকে গড়ে তোলা হয়েছে।
সূত্রের বরাত দ্য হিন্দু জানিয়েছে, সন্ধ্যায় ইমফল বিমানবন্দরে আরএএফ সদস্যরা অবতরণ করেছে।
‘দেখামাত্র গুলির’ নির্দেশ জারি করেছেন মণিপুরের গভর্নর। নির্দেশে বলা হয়েছে, শান্ত করার চেষ্টা, সতর্কতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিমিত শক্তি প্রয়োগের পরও ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেটরা গুলির নির্দেশ দিতে পারবেন।
এনবিএস/ওডে/সি