সার্বিয়ায় চলন্ত গাড়ী থেকে গুলিবর্ষণে নিহত ৮, আহত ১৩
সার্বিয়ায় চলন্ত গাড়ী থেকে গুলিবর্ষণে নিহত ৮ হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। দু’দিনের ব্যবধানে বলকান দেশটিতে বহু লোককে হত্যার দ্বিতীয় ঘটনা এটি। গত বুধবার প্রাইমারি স্কুলের ১৩ বছরের একটি ছেলে বেলগ্রেডের স্কুলে গুলি চালিয়ে ৮ শিক্ষার্থী ও নিরাপত্তা রক্ষীকে হত্যা করে। এর একদিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটল।
হামলার পর ২১ বছর বয়েসী সন্দেহভাজন হত্যাকারী পালিয়ে যায়। পুলিশ হত্যাকারীর সন্ধান করছে। বেলগ্রেড থেকে ৫০ কিলোমিটার দূরে মিলাডেনোভাচ শহরের কাছে স্বয়ংক্রীয় অস্ত্র থেকে হামলকারী লোকজনের প্রতি অনবরত গুলিবর্ষন করে। রেডিও-টেলিভিশন সার্বিয়া এখবর জানায়।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গাসিচ এ গুলিবর্ষণের ঘটনাকে ‘সন্ত্রাসী কাজ’ বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি এবং পুলিশও কোন বিবৃতি দেয়নি।
বুধবার স্কুলের হত্যাকান্ডের ঘটনায় ছেলেটি তার বাবার হ্যান্ডগান ব্যবহার করে। ছেলেটি এক মাস ধরে হামলার পরিকল্পনা ও কাদেরকে হত্যা করা হবে তার তালিকা তৈরি করে বলে জানা গেছে। অল্প বয়সের কারণে ছেলেটিকে মানসিক ইনস্টিটিউশনে ভর্তি করা হয়েছে এবং তার বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় সার্বিয়ায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার(৫ এপ্রিল) থেকে তা পালিত হচ্ছে।
এনবিএস/ওডে/সি