আচমকা ভারতের আকাশে পাকিস্তানের বিমান
পাকিস্তান ও ভারতের মধ্যে এমনিতেই রয়েছে একটা সীমান্ত উত্তেজনা। তার মধ্যেই আচমকা ভারতের আকাশসীমায় পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমানকে ঢুকে পড়তে দেখে তৎপর হয়ে ওঠে ভারতীয় বিমান বাহিনী। বিমানটি পাঞ্জাবের উপর দিয়ে চক্কর কাটছিল।
বিমান বাহিনী সূত্রে বলা হয়েছে, পাকিস্তানের বিমানটিকে দেখেই সতর্ক হয়ে যান সকলে। কড়া নজর রাখা শুরু হয় বিমানটির উপর।
তারপর জানা যায় খারাপ আবহাওয়ার কারণে সেটি লাহোরে পৌঁছতে না পেরে ভারতে ঢুকে পড়েছিল। রাতের অন্ধকারে পাঞ্জাবের বেশ কিছু জায়গার ওপর দিয়ে উড়ে গিয়েছিল বিমানটি।
পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ জেটলাইনার বিমানটির লাহোরে অবতরণ করার কথা ছিল। কিন্তু পাকিস্তানের আবহাওয়া খুব খারাপ থাকায় এবং ভারী বৃষ্টি হওয়ায় ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে বিমানটি। পরে আবহাওয়ার পরিস্থিতি ঠিক হলে সেটি ফিরে যায় লাহোরে।
ঘটনা গত ৪ মে-র। পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিকে-২৪৮ বিমানটি মাস্কাট থেকে পাকিস্তানের লাহোরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু পাকিস্তানে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিমানটি লাহোরে অবতরণ করতে পারেনি। জানা গেছে, দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সমস্যার কথা জানানো হয় এবং কিছুক্ষণের জন্য রুট বদল করে ভারতের আকাশসীমায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে ভারতীয় বিমান বাহিনীকেও বিষয়টি জানানো হয়। লাহোর ও দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছিল।
পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইন্সের সব বিমানের ভারতীয় আকাশসীমার উপর দিয়ে ওড়ার অনুমতি নেই। কয়েকটির আছে। পাকিস্তান থেকে কুয়ালালামপুর ও ব্যাঙ্ককগামী বিমানগুলো ভারতীয় আকাশসীমার উপর দিয়েই যায়। তাই এই বিমানটি রুট বদল করে ভারতে ঢোকার পর থেকেই লাগাতার নজরদারিতে রাখা হয়েছিল।
এনবিএস/ওডে/সি