পিটিআই’এর সেক্রেটারি জেনারেল আসাদ উমর গ্রেপ্তার
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সেক্রেটারি জেনারেল আসাদ উমরকে বুধবার গ্রেপ্তার করা হয় ইসলামাবাদ হাইকোর্টের চত্ত্বর থেকে। হাইকোর্টের রিট বেঞ্চের কাছের একটি ছোট গেট থেকে আসাদ উমরকে গ্রেপ্তার করে পুলিশ। পিটিআই’এর আইনজীবী এডভোকেট ফয়সাল চৌধুরী জানান কোন মামলায় আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানেন না।
পিটিআইয়ের টুইটার এ্যাকাউন্টে বলা হয়েছে, ‘ফ্যাসিস্ট শাসকের নির্দেশে আসাদ উমরকে আদালত থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানে এখন আদালতের মর্যাদা নেই, গণতন্ত্র পুরোপুরি স্থগিত।’
পিটিআই নেতা এবং প্রাক্তন মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি বলেছেন যে আসাদ উমরকে আদালত থেকে সন্ত্রাস বিরোধী স্কোয়াড গ্রেপ্তার করেছে। মনে হচ্ছে আদালত পিটিআই নেতাদের অবৈধভাবে গ্রেফতার করার জন্য একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে। শিরিন মাজারি বলেন, ফ্যাসিবাদ নিশ্চিত হয়েছে। তারা সন্ত্রাসীদের ধরতে পারে না কিন্তু পিটিআই নেতারা এখন বদমাশ এবং রাষ্ট্রের জন্য সন্ত্রাসী? পাকিস্তানের বর্তমান পরিস্থিতিটিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন তিনি।
এনবিএস/ওডে/সি