পাকিস্তানের সেনাসদরে পিটিআই সমর্থকদের হামলা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত চত্তর থেকে নাটকীয়ভাবে মঙ্গলবার (৯ মে) প্যারামিলিটারি রেঞ্জার্সের সদস্যরা জানালা ভেঙে আটক করে নিয়ে যায়।
আর এই গ্রেপ্তারের পরই ইমরান খানের ক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় নেমে এসে রাওয়ালপিন্ডিতে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে প্রবেশ করে কর্মকর্তাদের দপ্তরগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এসময় তারা রাজধানী ইসলামাবাদসহ লাহোর, করাচি, গুজরানওয়ালা, মুলতান, পেশোয়ার ও মারদানেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মূলত ইমরান খানের গ্রেপ্তারের পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে ধারণা দলটির সমর্থকদের।
তবে গ্রেপ্তারেরে আগে অবশ্য ইমরান বলেছিলেন, গত বছরের নভেম্বরে তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির। এর আগেও গত বছর থেকেই ফয়সাল নাসিরের প্রসঙ্গটি বলে আসছিলেন ইমরান খান।
এই মেজর জেনারেলকে দোষরোপ করার বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী গত সোমবার একটি বিবৃতি দেয়। আর একদিন পরই ইমরানকে গ্রেপ্তার করা হলো। এদিকে ভারতের এক সাংবাদিক আদিত্য রাজ বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় পিটিআই সদস্যরা সেনাসদরে হামলা চালিয়ে ভাঙচুর করছে। আরেকটি ভিডিওতে সামরিক বিশ্লেষক অভিজিত আইওয়ার মিত্র দেখান, নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। অন্যদিকে তিনি আরেক ভিডিওতে লাহোর সেনানিবাসে হামলার ঘটনাও দেখান।
এদিকে তাকে গ্রেপ্তারের জেরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটায় পিটিআই সদস্যরা। তারা দেশটির অভ্যন্তরীন মন্ত্রী রানা সানাউল্লাহর ফয়সালাবাদের বাসভবনেও হামলা চালিয়ে পাথর ছুঁড়ে। পরে শেহবাজ সরকার তিনটি প্রদেশে জরুরি অবস্থা জারি করলেও পিটিআই সমর্থকেরা দেশটির প্রধান সড়কে ব্যারকিকেড তৈরি করে।
পরে ইউটিউব, ফেসবুক ও টুইটার ব্যবহার করে যেন কেউ সহিংসতার বিষয়ে কোনো প্রচারণা চালাতে না পারে সে লক্ষ্যে দেশটির ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেয় প্রশাসন। এদিকে ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, ইমরানের গ্রেপ্তার পরবর্তী পরিস্থিতির দিকে দেশটি নজর রাখছে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান এ ব্যাপারে একটি টুইটে লিখেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সেনাবাহিনীর ওপর সাধারণ মানুষের এতটা চড়াও হওয়ার কোনো নজির নেই। সেনাবাহিনীর ওপর মানুষের যে রাগ, তা এর আগে দেখা যায়নি। অল্প সময়ের ব্যবধানে অনেক বড় নাটকীয় পরিবর্তন এসেছে দেশটিতে।
এনবিএস/ওডে/সি