রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ স্বেচ্ছা প্রত্যাবাসন চায় আসিয়ান

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছা প্রত্যাবাসন চায় দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান। জোটটির ৪২তম সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের এ সংক্রান্ত প্রচেষ্টার প্রতি পুনঃসমর্থন ব্যক্ত করেছে।

বিবৃতিতে আসিয়ান নেতারা বলেছেন, তারা মিয়ানমারে সংশ্লিষ্ট বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি আনতে এবং রাখাইন রাজ্যে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের জন্য মিয়ানমারের প্রচেষ্টার প্রতি তাদের অব্যাহত সমর্থনকে পুনরায় নিশ্চিত করছেন।  

মিয়ানমার এবং বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে মিয়ানমারের প্রস্তুতিমূলক কাজগুলো পর্যবেক্ষণ করতে আমরা ২০২৩ সালের ৮-৯ মার্চে রাখাইন রাজ্যে সাম্প্রতিক কূটনৈতিক সফরকে স্বাগত জানাই।’

 বিবৃতিতে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রয়োজনীয়তা পুনঃব্যক্ত করা হয়।

গত সপ্তাহেই রোহিঙ্গা শরণার্থীদের একটি দল বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মিয়ানমারের প্রত্যাবাসন প্রস্তুতি পর্যবেক্ষণ করতে রাখাইন রাজ্যের মংডুতে গিয়েছিল। সেই সফরের পর মিয়ানমারের প্রস্তুতি নিয়ে রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেন।  
 
আসিয়ানের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মে মাসের মাঝামাঝি সময় নাগাদ একটি পাইলট প্রকল্পের অধীনে বাংলাদেশ এবং মিয়ানমার প্রথম ধাপে ১ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসন করবে এবং ২০২৩ সালের শেষ নাগাদ ৭০০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। তবে আসিয়ান নেতারা বাস্তুচ্যুতদের জন্য সীমিত তহবিল সহায়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং টেকসই সমাধান অর্জনের জন্য সংশ্লিষ্ট বহুপক্ষীয় অংশীদারদের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads