নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় নিহত ৪, অপহৃত ৩

পূর্ব আফ্রিকার দেশটিতে গত মঙ্গলবার (১৬ মে) এ হামলার ঘটনা ঘটে। নিহতদের ২ জন দূতাবাস কর্মী এবং অপর ২ জন পুলিশ কর্মকর্তা। হামলাকারীরা এ সময় ২ পুলিশ কর্মকর্তা ও তাদের ড্রাইভারকে অপহরণ করে নিয়ে গেছে।

খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে এ বন্দুক হামলা হয়।

ইকেঙ্গা তোচুকউ নামের আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র জানান, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে তাদের মরদেহ ও যানবাহন জ্বালিয়ে দেয়।

ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের গাড়িবহরটি পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল। ইকেঙ্গা আরো বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হামলায় কোন মার্কিন নাগরিক হতাহত হয়নি।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় ‘তদন্তের জন্য নাইজেরিয়ার নিরাপত্তা পরিষেবার সঙ্গে কাজ করছে’ তাদের কূটনৈতিক কর্মীরা। অঞ্চলটিতে ইন্ডিজেনাস পিপল অব বাইয়াফ্রা(ইপিওবি) একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সক্রিয় রয়েছে। তারা নাইজেরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে নিজস্ব একটি স্বাধীন প্রজাতন্ত্র গঠন করতে চায়।

এনবিএস/ওডে/সি

Walton Ads