ভারত মহাসাগরে চীনা মাছ ধরার নৌকাডুবি, ৩৯ ক্রুর সবাই নিখোঁজ

ভারত মহাসাগরে চীনের মাছ ধরার নৌকা ডুবিতে ৩৯ জন ক্রু সবাই নিখোঁজ হয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়া বুধবার এ খবর জানায়।

সিসিটিভি জানায়, মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ক্রুদের মধ্যে চীনের ১৭ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের ৫ জন নাগরিক রয়েছেন। নৌকাডুবির ঘটনার পর নিখোঁজদের সন্ধানে সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু ‘এখন পর্যন্ত, নিখোঁজ কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি’। আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীন ঘটনাস্থলের আশপাশে দু’টি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।

ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে নৌকাডুরি এই ঘটনা ঘটেছে। তবে নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা যায়নি। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিমে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

ফিলিপাইন কোস্ট গার্ড বুধবার বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের পাশাপাশি জাহাজের সর্বশেষ অবস্থানের কাছাকাছি কাজ করা অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাথে সমন্বয় করছে।

কি কারণে নৌকা ডুবে গেছে তা জানা যায়নি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও উত্তাল সমুদ্র সাধারণত এই ধরণের ট্র্যাজেডির কারণ হতে পারে ।

এনবিএস/ওডে/সি

Walton Ads