রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্টের যোগদান
আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরব গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এক দশকের বেশি আগে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর এ প্রথম দেশটি সফরে গত বৃহস্পতিবার তিনি বন্দরনগরী জেদ্দায় পৌঁছেছেন। শুক্রবার (১৯ মে) আরব লীগের শীর্ষ সম্মেলন শুরু হবে। সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন ও সিরিয়ার রাষ্ট্রায়ত্ব টেলিভিশন এ খবর জানায়।
১১ বছর আগে আরব বিশ্বের আঞ্চলিক সংস্থা আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর সদস্যপদ ফিরে পাওয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আজ শুক্রবার আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সরকার ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন চালায়। সহিংস সেই পরিস্থিতি পরবর্তীতে সিরিয়াকে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে নিয়ে যায়। পরে আরব বিশ্বের এই আঞ্চলিক সংস্থা থেকে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
তবে বৃহস্পতিবার ওই অঞ্চলের প্রভাবশালী দেশ সৌদি আরবে বাশারের আগমনকে আঞ্চলিক সম্পর্ক পুন:স্থাপনের জন্য সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলোর প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ হিসাবে মনে করা হচ্ছে।
আরব লীগের শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ সৌদি আরব অতীতে সিরিয়ার গৃহযুদ্ধের সময় বাশারের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের লক্ষ্যে লড়াই চালানো সশস্ত্র বিরোধীগোষ্ঠীগুলোর প্রধান সমর্থক ছিল।
গত কয়েক মাস ধরে সিরিয়ায় চলমান সংঘাতের অবসানে দেশটির সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে রিয়াদ। এক দশকেরও বেশি সময়ের এই সংঘাতে দেশটিতে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে এবং দেশটির মোট জনসংখ্যার অর্ধেকই বাস্তুচ্যুত হয়েছেন।
বাশারের সৈন্যরা তার প্রধান মিত্র রাশিয়া ও ইরানের সামরিক সহায়তা এবং সশস্ত্র শিয়া মিলিশিয়াদের সমর্থনে দেশটির বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
২০১২ সালে সিরিয়ার সংঘাত যখন চরমে পৌঁছায়, সেই সময় দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন পর গত সপ্তাহে উভয় দেশ পুনরায় দূতাবাস খোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছে।
এনবিএস/ওডে/সি