এফ-১৬ জঙ্গি বিমান ও পাইলট প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন জেলেনস্কি
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ জঙ্গী বিমানের প্রশিক্ষণ দানের পরিকল্পনাকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করে বলেছেন, এ প্রশিক্ষণ ‘আকাশে আমাদের সেনাবাহিনীর শক্তি’ ব্যাপক বৃদ্ধি করবে।
ইউক্রেনের নেতা বলেন, তিনি জাপানের হিরোশিমা নগরীতে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এ নগরীতে জি-৭ এর বৈঠক হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানে যাচ্ছেন বলে শনিবার নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তারা রয়টার্সকে জানান যে, বাইডেন শুক্রবার জি-৭ নেতাদের বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গী বিমান চালানোর জন্য ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার মিত্রদের যৌথ উদ্যোগকে তিনি সমর্থন করছেন।
জেলেনস্কি অনেক মাস ধরেই রাশিয়ার হামলা থেকে আত্মরক্ষার জন্য অত্যাধুনিক জঙ্গী বিমান সরবরাহ করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এর আগে তার পশ্চিমা মিত্ররা তা প্রত্যাখ্যান করে আসছিলেন। তারা আশংকা করেছিলেন যে, এমন জঙ্গী বিমান দিলে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ক্ষুব্ধ হয়ে যুদ্ধের আরো বিস্তার ঘটাতে পারেন এবং ইউরোপ জুড়ে তা ছড়িয়ে পড়তে পারে।
বর্তমানে পশ্চিমা দেশগুলোর দেওয়া বিমান বিধ্বংসী ব্যবস্থার সহায়তায় ইউক্রেন তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সমর্থ হয়েছে এবং দেশটি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমনের প্রস্ততি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে এফ-১৬ জঙ্গী বিমান মস্কোর বিরুদ্ধে যুদ্ধে এবং দীর্ঘ মেয়াদে দেশটির নিরাপত্তার জন্য সহায়ক হবে।
এর আগে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিয়ে সহায়তা করবে তারা। এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে দেশটি।
হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তা জানান, জাপানে জি-৭ সম্মেলনে উপস্থিত নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। এফ-১৬ যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে ডেনমার্কও।
যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন। এ পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই দেশটির উদ্যোগেই আবারো যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইউক্রেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী করতে এফ-১৬সহ চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান দিতে এবং এসব বিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণ দিতে আমাদের সহযোগী ও মিত্রদেশগুলোর যৌথ উদ্যোগে সমর্থন দেওয়া হবে।
মার্কিন ওই কর্মকর্তা আরো বলেন, আসছে কয়েক মাসে এ প্রশিক্ষণ শুরু হবে। আমাদের সহযোগীরা (মিত্র ও সহযোগী দেশ) সিদ্ধান্ত নেবে, এসব যুদ্ধবিমান কখন কতগুলো দেওয়া হবে এবং কোন কোন দেশ তা দেবে।
এনবিএস/ওডে/সি