হাসপাতালে চেক-আপের পর বাড়িতে ফিরলেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে গেছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে যান তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গেছেন। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটে করা টুইটে এ তথ্য জানানো হয়েছে। প্রথম আলো
টুইটে একটি ভিডিও যুক্ত করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে রাজধানী ইসলামাবাদে ইমরান খান গ্রেপ্তার হন। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন।
গত ১৮ মার্চ তোশাখানা মামলায় ইমরান আদালতে হাজিরা দিতে গেলে পুলিশ তাঁর বাড়ি জামান পার্কে যায়। সেখানে পুলিশ ভারী সরঞ্জাম ও ক্রেন নিয়ে বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।
দি ডন জানায়, ইমরান খানের গ্রেপ্তারের জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পর থেকে পিটিআই নেতা-কর্মীদের ওপর ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ।
এদিকে পাঞ্জাব পুলিশের অভিযোগ, ৩০-৪০ জন সন্ত্রাসী ইমরানের বাড়িতে লুকিয়ে আছেন। তাঁদের ধরতে আদালতের অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার লাহোরে ইমরানের বাড়িতে তল্লাশি চালাতে যায় পাঞ্জাব পুলিশ। তবে ইমরানের দল পিটিআইয়ের নেতা-কর্মীরা পুলিশকে বাধা দেন।
এর পরিপ্রেক্ষিতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে তুলে দিতে পিটিআইয়ের প্রতি আহ্বান জানানো হয়। তা না হলে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময় চলে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জিও নিউজ জানায়, প্রায় চার ঘণ্টা হাসপাতালে থাকার পর ইমরান খান তাঁর নিজ বাড়িতে ফিরে গেছেন। হাসপাতালে পৌঁছার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। পেটে ব্যথার কারণ অনুসন্ধানের জন্য তাঁরা বেশ কয়েকটি পরীক্ষাও করেছেন বলে জানা গেছে।
এনবিএস/ওডে/সি