বাখমুত দখলের দাবি মস্কোর
রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরটি পুরোপুরি দখল করে নিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
শহরটি সোভিয়েত আমলের নাম ব্যবহার রুশ মন্ত্রণালয় জানায় যে, ‘কৌশলগত দিক থেকে আক্রমণ চালিয়ে ওয়েগনার প্রাইভেট বাহিনীর সেনারা কামান ও বিমানের ছত্রছায়ায় আর্টিওমোভস্ক শহরটি পুরোপুরি মুক্ত করেছে।’ আট মাস ধরে বাখমুতে যুদ্ধ চলছে। ইউক্রেন যুদ্ধে এটি হলো সম্ভবত সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াই।
আঞ্চলিক পরিবহন ও রসদ সরবরাহ কেন্দ্র বাখমুত শহরটি ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের রুশ ভাষী অধ্যুষিত ডোনবাস এলাকায় অবস্থিত। রাশিয়া তার চলমান ‘বিশেষ অভিযানে’ দোনেতস্ক অঞ্চলকে নিজ দেশের সঙ্গে সংযুক্ত করতে চায়।
পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ও ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বাখমুতের সম্ভাব্য পতনকে নিছক প্রতীকি বলে উল্লেখ করেছেন যা কোন বিশেষ কোন গুরুত্ব বহন করছে না। একই অভিমত ব্যক্ত করেছেন পশ্চিমা সামারিক বিশেষজ্ঞরাও। তবে বাখমুত পতনের ঘটনা সত্য হলে দোনেতস্ক অঞ্চলের দু’টি বড় শহর ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্ক রুশ কামানের পাল্লার মধ্যে এসে পড়বে।
আল-জাজিরা জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাখমুত দখল করার জন্য ওয়েগনার যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেন বাখমুত পরিস্থিতিকে সংকটপূর্ণ বলে স্বীকার করার কয়েক ঘন্টা পর মস্কো শহরটি পুরোপুরি দখল করার কথা জানাল।
ইউক্রেনের ১৫ মাসের যুদ্ধে লবন খনির শহর বাখমুতে দীর্ঘ সময় ধরে মারাত্মক লড়াই চলে। এক সময় শহরটিতে ৭০ হাজার মানুষ বাস করতো। বাখমুত যুদ্ধে দু’পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি দখল হলো গত ১০ মাসের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় বিজয়।
এনবিএস/ওডে/সি