রুশ আটক সম্পদ ইউক্রেনে ব্যবহারে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন
রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনে ব্যবহারের জন্য মার্কিন কংগ্রেসে বিল উত্থাপনের পর এতে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলই সমর্থন দিয়েছে। ইউক্রেনের যুদ্ধ-ব্যয় মেটাতে রাশিয়ার আটক করা সম্পদ কিয়েভ সরকারকে ব্যবহারের সুযোগ দিতে চায় যুক্তরাষ্ট্র। ডেমোক্রেট ও রিপাবলিকানরা বলছেন, রাশিয়ার আটক করা সম্পদ ইউক্রেন ব্যবহারের সুযোগ পেলে মস্কোর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভের সুবিধা হবে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত আমেরিকা দশ হাজার কোটি ডলারের বেশি মানবিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়েছে। এ পর্যায়ে এসে মার্কিন কংগ্রেসের সদস্যদের অনেকেই প্রশ্ন তুলেছেন- আর কতদিন ইউক্রেনকে এভাবে আর্থিক সহায়তা দেয়া অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে বিদেশে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনকে ব্যবহারের সুযোগ দেয়ার পদক্ষেপ নিলেন মার্কিন কংগ্রেসম্যানরা।
মার্কিন কংগ্রেসে তোলা এই বিলের সদর্থকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে খেসারত দিতে হবে, এই খেসারত মার্কিন করদাতারা দেবে না।
মার্কিন রিপাবলিকান দলের সিনেটর এবং সিনেট পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র সদস্য জিম রিশ দাবি করেন, বিশ্বব্যাপী রাশিয়ার ৩ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। তিনি বলেন, আটককৃত এ সমস্ত সম্পদ ইউক্রেনের অর্থনৈতিক উন্নয়ন এবং সেখানকার জনগণের কর্মসংস্থানের জন্য ব্যয় করা যাবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি