অবৈধ অভিবাসী তল্লাশী অভিযানে অংশ নিলেন ঋষি সুনাক! গ্রেপ্তার ১০৫

অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য ব্রিটেন জুড়ে চলা একটি তল্লাশি অভিযানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্বয়ং অংশ নিলেন। এ অভিযানে ইমিগ্রেশন কর্মকর্তারা কুড়িটি দেশের মোট ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে সুনাকের নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার ছিল অবৈধ অভিবাসন মোকাবেলার প্রতিশ্রুতি। দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই প্রতিশ্রুতি পূরণে জোরকদমে লেগে পড়েছেন ঋষি। সামনের বছর ব্রিটেনে সাধারণ নির্বাচন রয়েছে। তার আগে অবৈধভাবে দেশে ঢুকে পড়া বিদেশিদের চিহ্নিত করার কাজে কোমর বেঁধে নেমে পড়েছে সুনাকের কনজারভেটিভ পার্টি।

অভিবাসন আধিকারিকরা দেশটি জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন। বৃহস্পতিবার সেই কাজে নেমে পড়েন খোদ প্রধানমন্ত্রী। ৪৩ বছর বয়সি সুনাক বুলেটপ্রুফ ভেস্ট পরে উত্তর লন্ডনের ব্রেন্ট এলাকায় একটি তল্লাশি অভিযানে যোগ দেন।

ব্রিটেনের হোম সেক্রেটারি সুয়েলা ব্রেভারম্যান জানিয়েছেন, অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করে বিদেশিরা বৈধ নাগরিকদের ক্ষতি করছে। তারা কোনও কর দেয় না। জনগণ এবং সৎ কর্মীদের বিভিন্নভাবে ঠকিয়ে তাদের কাজ দখল করে নিচ্ছে তারা। এ বিষয়ে কড়া অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী সুনাক জানিয়ে দিয়েছেন, দেশে কারা থাকবে আর কারা থাকবে না, সেই সিদ্ধান্ত নেবে ব্রিটেন। অপরাধী দলের লোকজনকে তা নির্ধারণ করার সুযোগ দেবেন না তিনি।

বৃহস্পতিবার ব্রিটেনের মোট ১৫৯ জায়গায় তল্লাশি অভিযান চালান অভিবাসন বিভাগের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতরা কাজ করার বৈধ অনুমতি ছাড়াই রেস্তোরাঁ, গ্যারাজ, নেল পার্লার, স্যালোঁ এবং বিভিন্ন দোকানে কাজ করছিল। গ্রেফতার হওয়া অভিবাসীদের অনেকের কাছ থেকেই বৈধ পরিচয়পত্র কিংবা ব্রিটেনে থাকার ভিসা পাওয়া যায়নি। কারও কারও কাছ থেকে নগদ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, যার উৎস তারা বলতে পারেনি।

গ্রেপ্তার হওয়া ১০৫ জনের মধ্যে ৪০ জন ছাড়া বাকিদের অভিবাসন আইনে জামিন দেওয়া হয়েছে। ওই ৪০ জনকে ব্রিটেন থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং সেই কারণে তাদের আটক করে রাখা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads