কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগদাদে বিক্ষোভ
বিক্ষোভকারিরা নগরীর গ্রীন জোনে প্রবেশের চেষ্টা করে। এই জোন সুরক্ষিত এলাকা। এখানে রয়েছে বিদেশি দূতাবাস এবং ইরাকের সরকারি কার্যালয়।
ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে এক দিন আগে একটি অতি-ডানপন্থী গোষ্ঠীর কোরআন পোড়ানোর প্রতিক্রিয়ায় শনিবার সকালে গ্রীন জোনের কাছে জড়ো হয় প্রায় ১ হাজার বিক্ষোভকারী। ইরাকি নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আল-জাজিরার বাগদাদ সংবাদদাতা মাহমুদ আবদেল ওয়াহেদ বলেছেন, আমরা দেখলাম কয়েকশ’ ক্ষুব্ধ বিক্ষোভকারী জড়ো হয়েছে, যারা এসেছে রাজধানী বাগদাদ ছাড়াও দেশের অন্যান্য প্রদেশ থেকে। পবিত্র কোরআনের অবমাননার বিরুদ্ধে তারা শ্লোগান দিচ্ছিল।
সংবাদদাতা বলেন, তারা আমাদের বলছে, তারা আজ এখানে পবিত্র কোরআন এবং ইরাকের পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন সুইডেন ও কোপেনহেগেনকে প্রত্যাখান করতে। এক মাসেরও কম সময়ের মধ্যে তারা তিনবার কোরআনকে অবমাননা করেছে - দুবার সুইডেনে এবং একবার কোপেনহেগেনে।
বিক্ষোভকারীরা ইরাকের শিয়া ও রাজনৈতিক নেতা মুকতাদা আল-সদরের সমর্থনে শ্লোগান দিয়েছে। এ সময় তারা ইরাকি পতাকার পাশাপাশি আল-সদরের প্ল্যাকার্ডও বহন করছিল।
বিক্ষোভ দেখাতে যারা সেখানে সমবেত হয়েছিলেন, তাদের বেশির ভাগই তরুণ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি