মিয়ানমারে জান্তার হামলায় ১৪ জন নিহত
মিয়ানমারে সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর হামলায় নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক লোক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধা। সেনা বাহিনীর হামলায় নিহত বেসামরিক ব্যক্তিদের সবাই পুরুষ।
খবরে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সেনারা গত শুক্রবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের একটি গ্রামে হামলা চালায়। ইয়ানমাবিন শহরে অবস্থানরত মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা শনিবার ভোরের আগে সেখানকার সোনে চৌং নামের একটি গ্রামে অভিযান চালায়। সেখানে তারা তিনজনকে শিরশ্ছেদ করে হত্যা করে। নিহত এই তিনজন বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য। হামলার সময় তারা ওই গ্রামে পাহারা দিচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা একথা জানান।
এক গ্রামবাসী বলেছেন, প্রথমে তারা গ্রামের কেন্দ্রে তিনজন যোদ্ধার মৃতদেহ দেখতে পান। সৈন্যদের হাতে নিহত বাকি ব্যক্তিদের মরদেহগুলো চারদিকে ছড়িয়ে ছিল। হত্যার আগে তাদের কয়েকজনের ওপর নির্যাতনও করা হয়েছিল।’
মিয়ানমারের জান্তা-বিরোধী জাতীয় ঐক্য সরকারের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ডক্টর সাসা ফেসবুকে পোস্ট করে বলেছেন, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সৈন্যরা প্রায় ৮০টি গণহত্যা চালিয়েছে এবং ইয়ানমাবিনে চালানো নৃশংসতা হচ্ছে জান্তার সংঘটিত তেমনই একটি গণহত্যা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি