বন্যা-ভূমিধসে আফগানিস্তান ও পাকিস্তানে ৪৪ জনের মৃত্যু

ভারী বর্ষণের কারণে দেশ দুটিতে এ আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।  একজন আফগান কর্মকর্তা রোববার বলেন, তিন দিনের ভারী বৃষ্টিপাতে মারা গেছে অন্তত ৩১ জন এবং আহত হয়েছে ৭৪ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৪১ জন। 

আফগান রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শফিউল্লাহ রহিমি বলেন, নিহতদের বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা। বন্যায় প্রায় আড়াইশ গবাদিপশুও মারা গেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের পশ্চিমে অবস্থিত ময়দান ওয়ারদাক প্রদেশের জালরেজ জেলায় দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে ঘুমের মধ্যে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে। তিনি বলেন, এসময় প্রায় ৪০ জন লোক নিখোঁজ হন এবং শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। দুর্গত এলাকায়  অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় উদ্ধারকারী দলগুলো কাজ করছে বলেও জানিয়েছেন মুজাহিদ। 

প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যার কারণে শত শত বর্গমাইল কৃষি জমি ভেসে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। এছাড়া কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের মধ্যবর্তী মহাসড়কও বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তান আগে থেকেই অর্থনৈতিক ও মানবিক সংকটর মধ্যে ছিল এবং আকস্মিক এই বন্যা দেশটিতে ইতোমধ্যেই আরও দুর্দশার সৃষ্টি করেছে। চলতি বছরের এপ্রিলে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা বলেছিল, আফগানিস্তানে টানা তৃতীয় বছরের মতো খরার মুখোমুখি হয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছে। এছাড়া গিলগিট বাল্টিস্তান অঞ্চলের স্কার্দু এলাকায় বিশাল ভূমিধসের ঘটনায় একই পরিবারের চার সদস্য মারা গেছে। ভূমিধসের সময় তারা তাদের গাড়িতে ছিলেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেছেন, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় প্রাদেশিক কর্তৃপক্ষ চিত্রাল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

গত ২৫ জুন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে বন্যা-ভুমিধসে পাকিস্তানে ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬ জন নারী এবং ৪২ জন শিশু। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads