পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪
গত রোববার দেশটির রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে এ বোমা হামলার ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে ওই সম্মেলনের আয়োজন করা হয়। এ ঘটনায় ৪০ জন নিহত ও দুইশরও বেশি মানুষ আহত হয়েছেন। পরে আহতদের মধ্য থেকে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ জিও নিউজকে জানিয়েছেন, জমিয়ত উলামা ইসলামের দলের নেতাদের বক্তব্য দেওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজিপি আখতার হায়াত খান জানিয়েছেন, তারা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছেন এটি ছিল আত্মঘাতী বোমা হামলা।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফা বলেছেন, বোমা হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু, তাদেরকে নির্মূল করা হবে। উল্লেখ্য জেইউই-এফ বর্তমান ক্ষমতাসীন জোটের একটি শরিক দল।
সম্মেলনে যোগ দেওয়া রহিম শাহ নামে এক ব্যক্তি সংবাদমাধ্যম দ্য ডনকে জানিয়েছেন, সেখানে ৫০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘আমরা বক্তৃতা শুনছিলাম তখন শক্তিশালী বিস্ফোরণ হয়। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন সর্বত্র রক্ত দেখতে পাই। মানুষ চিৎকার করছিল। গুলির শব্দও শোনা যায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি