অনাহারে মারা গেলেন ফুড ইনফ্লুয়েন্সার ঝান্না
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুড নিয়ে কনটেন্ট তৈরি করা পরিচিতমুখ ঝান্না স্যামসনোভারের মৃত্যু হলো অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কারণে। সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ডায়েট নিয়ন্ত্রণ করতে গিয়ে অনাহারে কিংবা অর্ধাহারে থাকতেন ৩৯ বছর বয়সী রুশ নাগরিক ঝান্না। বিগত এক দশক ধরে তিনি কাঁচা নিরামিষ খাবার খেতেন নিয়মিত। তার এক বন্ধুর ভাষ্য অনুযায়ী, টানা ৭ বছর তিনি শুধু কাঁঠাল খেয়েছিলেন।
ডেইলি মেইলকে তার বন্ধুরা জানিয়েছে, স্যামসনোভা ‘অ্যানোরেক্সিয়া’ নামক জটিল রোগেও ভুগছিলেন। এই রোগে আক্রান্ত ব্যক্তি চরমমাত্রায় ক্ষুদা মন্দায় ভোগেন। না খেতে খেতে তার অবস্থা এতোটাই খারাপ হয়েছিলো যে, শেষের কিছুদিন তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। হাঁটাচলা করতে পারতেন না।
লিকলিকে রোগা শরীর দেখে তার বন্ধুরা তাকে প্রায়ই ডাক্তারের পরামর্শ নিতে বলতেন, কিন্তু তিনি কখনোই রাজি হতেন না।
ঝান্না স্যামসনোভা সামাজিক যোগাযোগমাধ্যমে কাঁচা খাবারের প্রচার করতেন। ভিন্ন ভিন্ন কাঁচা খাবারের স্বাদ নিতে গত ১৭ বছর ধরে এশিয়ার বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি। আর কনটেন্ট তৈরি করেছেন ইন্সটাগ্রামে থাকা ১০ হাজার অনুসারীর জন্য।
ঝান্না পরিচিত ছিলেন ঝান্না ডি’আর্ট নামে। গত ২১ জুলাই মালয়েশিয়ায় মারা যান তিনি। তিনি দক্ষিণ এশিয়ায় একটি ফুড ট্যুর করছিলেন। আর এর মধ্যেই চিকিৎসা করিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেছেন।
তার এক বন্ধু নিউজফ্ল্যাশকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কয়েক মাস আগে ওকে শ্রীলঙ্কায় দেখেছিলাম। ওকে তখন খুব অসুস্থ লাগছিলো। পা ফুলে গিয়েছিল। ওরা ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু তখন ও ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমি ওকে ফুকেটে দেখেছিলাম। রীতিমত শিউরে উঠছিলাম তখন।
তিনি আরো বলেন, আমি ওর ফ্ল্যাটের ওপরেই থাকতাম। আমি তো প্রতিদিন আতঙ্কে থাকতাম, যেকোনো দিন ওকে মৃত অবস্থায় দেখতে পাব! অনেকবার ওকে চিকিৎসার কথা বলেছি, বুঝিয়েছি। কিন্তু কিছুতেই শোনেনি।
রাশিয়ান সংবাদ মাধ্যম ভেচেরনিয়া কাজানকে স্যামসনোভার মা জানিয়েছেন, তার মেয়ে কলেরার মতো কোনো রোগের সংক্রমণের কারণে মারা গিয়ে থাকতে পারে। অতিমাত্রায় খাদ্য নিয়ন্ত্রণের কারণেও তার মৃত্যু ঘটতে পারে।
বিখ্যাত এ ফুড ইনফ্লুয়েন্সারের মৃত্যুর কারণ এখনো প্রকাশ্যে আসেনি। আমলাতান্ত্রিক জটিলতায় তার মরদেহ মালয়েশিয়া থেকে রাশিয়া পাঠানো যায়নি এখনো। মরদেহ দেশে নেওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে ধারণা করছেন ভক্তরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি