২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপি
বৃহস্পতিবার (৩ আগস্ট) এ দাবি করলেন ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সচিবালয়ের সভাঘরে এক ভার্চুয়াল কর্মসূচিতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘ওরা (বিজেপি) এখন থেকেই নানা পরিকল্পনা করছে। ইলেক্ট্রিক মেশিন (ইভিএম) হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি। ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হবে।’’
২০২৪ সালের লোকসভা ভোট নিয়ে ইতিমধ্যেই শাসক-বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগের পালা শুরু হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানকে দায়ী করে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায়। নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্ব তা নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে জাতীয়তাবাদ, দেশপ্রেমের ঢাক পিটিয়েছিলেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিল মোদী বাহিনী। এ বার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততেও বিজেপি শিবির নানা কৌশল নিতে পারে বলে দাবি বিরোধীদের। এই নিয়েই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মমতা। তারই জবাবে ইভিএম হ্যাকের আশঙ্কার কথা জানান মুখ্যমন্ত্রী।
পুলওয়ামার ঘটনায় নিরাপত্তায় গাফিলতি এবং বালাকোট অভিযানের সত্যতা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের ‘দেশবিরোধী’ আখ্যা দেন বিজেপি নেতৃত্ব। সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে বাংলায় এসে মমতাকে আক্রমণ করেছিলেন মোদী। পাল্টা মমতা বলেছিলেন, ‘‘পুলওয়ামার ঘটনা আমাদের মনে আছে। যাদের মারতে গিয়েছিলেন, নিজের লোককে মেরে চলে এসেছিলেন। বেশি মুখ খোলাবেন না। আমরা দেশকে ভালবাসি। তাই অনেক কিছু বলি না।
পুলওয়ামার ঘটনায় মোদী তাঁকে চুপ করে থাকার নির্দেশ দিয়েছিলেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের তদানীন্তন রাজ্যপাল সত্যপাল মালিক। বিজেপি নেতা এবং মোদীর শাসনকালে চারটি রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালন করা সত্যপাল সাক্ষাৎকারে জানিয়েছেন, জঙ্গি হামলায় ৪০ জন সিআরপি জওয়ানের মৃত্যুর পরে তিনি প্রধানমন্ত্রীকে ফোনে বলেছিলেন, এই হামলার জন্য ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর ‘গাফিলতি’ দায়ী। কিন্তু প্রধানমন্ত্রী তাঁকে মুখ বন্ধ রাখতে বলেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে থেকে সমস্ত বিরোধী দলের নেতারা এই নিয়ে সরকারের জবাব চেয়েছেন। এ নিয়ে বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার মমতা নতুন দাবি করলেন যে, লোকসভা নির্বাচনের আগে ‘কারচুপি’ করতে চাইছে বিজেপি।
এর পাল্টা রাজ্য বিজেপির নেতা রাহুল সিংহ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার থেকেই বোঝা যাচ্ছে, মোদীজি ক্ষমতায় ফিরবেন। সেই আশঙ্কাতেই এই ভাবে হ্যাক, হ্যাক করে চিৎকার করছেন।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি