৩৭০ বাতিলের ৪র্থ বর্ষপূর্তিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা, ‘গৃহবন্দি’ কাশ্মীর

শনিবার (৫ আগস্ট) ৩৭০ বাতিল করে ‘কেন্দ্রশাসিত অঞ্চল’ হিসেবে ঘোষণার চার বছর অতিক্রম করার দিনেও ঘরবন্দি ছিলো কাশ্মীর উপত্যকা। ‘আগাম সতর্কতামূলক ব্যবস্থা’ হিসাবে শনিবার প্রশাসন গৃহবন্দি করেছে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-সহ একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীকে। পিডিপি নেত্রী মেহবুবা টুইটারে তাকে আটক এবং গৃহবন্দি করার কথা জানিয়েছেন। লিখেছেন, ‘‘আজ আমাকে গৃহবন্দি করা হয়েছে। পিডিপির অনেক নেতা-কর্মীকে বেআইনি ভাবে থানায় আটক করা হয়েছে। অথচ ‘পরিস্থিতি স্বাভাবিক’ বলে ভারত সরকার ধারাবাহিক ভাবে সুপ্রিম কোর্টে অসত্য তথ্য জানাচ্ছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে পিডিপি নেতা-কর্মীরা মিছিল করার পরিকল্পনা করেছিলেন। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে আভাস পেয়েই এই পদক্ষেপ করা হয়েছে। বস্তুত, পুলিশ-আধা সামরিক বাহিনী ও সেনাবাহিনীর নজরদারিতেই শনিবার(৫ আগস্ট) কেটেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের। রাজধানী শ্রীনগর-সহ উপত্যকার সর্বত্র ছিল নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি। নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোতেও নিষেধ করা হয়। বিচ্ছিন্নতাবাদীরা যাতে কোনও রকম নাশকতা চালাতে না পারে, তার জন্য কার্যত দুর্গের নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল শ্রীনগরকে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরে পার্লামেন্টের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাশের ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। এমনকি, হারায় রাজ্যের মর্যাদাও। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানতে চান কিভাবে ৩৭০ অনুচ্ছেদ গণ পরিষদ ছাড়া প্রত্যাহার করা হল। আগামি ৮ আগস্ট আবার শুনানি শুরু হবে। এর আগে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে দায়ের করা সবক’টি মামলা নিয়ে বুধবার (২আগস্ট) থেকে ধারাবাহিক শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

Walton Ads