পাকিস্তানের পার্লামেন্ট ভাঙলো, শেষ হলো শাহবাজ সরকারের মেয়াদ

প্রেসিডেন্ট আরিফ আলভী বুধবার মধ্যরাতে সংবিধানের ৫৮ ধারায় দেশটির বর্তমান ন্যাশনাল অ্যাসেম্বলি (এনএ) বিলুপ্ত করার দেওয়ার সারসংক্ষেপে সই করেন। রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভেঙে দিতে পরামর্শ দিয়েছিলেন।

প্রেসিডেন্সিয়াল প্যালেস আইওয়ান ই সদর থেকে ইস্যু করা বিবৃতিতে এ কথা জানানো হয়। 

পার্লামেন্ট বিলুপ্তির মধ্যদিয়ে শাহবাজ শরীফের সরকারেরও মেয়াদ ফুরালো। এখন নতুন নির্বাচনের অপেক্ষায় পাকিস্তান।   

 পাকিস্তানের সংবিধানের ৫৮ ধারায় বলা আছে, প্রধানমন্ত্রীর সুপারিশের পর ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট পার্লামেন্ট বিলুপ্ত না করলে স্বয়ংক্রিয়ভাবেই বর্তমান পার্লামেন্টের মেয়াদ ফুরাবে। 

 বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ আহমেদের ওপর এখন গুরুদায়িত্ব বর্তেছে। সংবিধান অনুযায়ী, তাদেরকে ৩ দিনের মধ্যে সম্ভাব্য তালিকা থেকে কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে হবে।  

নির্ধারিত সময়ের মধ্যে তারা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাই করতে না পারলে দায়িত্বটা চলে যাবে স্পিকারের গঠন করা একটি কমিটির কাছে। এই কমিটিও অন্তবর্তী প্রধানমন্ত্রী চূড়ান্ত করার জন্য ৩ দিন সময় পাবে। 

স্পিকারের কমিটিও যদি একজনকে বাছাই করতে অসমর্থ হয়, তাহলে কেয়ারটেকার প্রধানমন্ত্রী বাছাইয়ের দায়িত্বটা চলে যাবে  পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে। তারা সময় পাবে ২ দিন। আর এই সময়ের মধ্যেই প্রস্তাবিত নামগুলো থেকে বাছাই করে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করবে ইসিপি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

Walton Ads