মণিপুরে সহিংসতা ইস্যুতে অনাস্থা প্রস্তাবে মোদি জয়ী

মণিপুর সহিংসতা নিয়ে লোকসভায় যখন বিরোধী দল ভারত ব্লক ও বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে তুমুল বিতর্ক চলছিল, ঠিক তখনই মোদি লোকসভায় আসেন। 

শুরুতেই অনাস্থা প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘কংগ্রেসের সময় ভারতীয় অর্থনীতি বিশ্বে ১১ কিংবা ১২ নম্বরে ছিল। আমাদের সরকার দেশকে বিশ্বে শীর্ষ পাঁচের তালিকায় টেনে তুলেছে। ওরা হয়তো ভাবেন, এ সব এমনি এমনি হচ্ছে। যেমন ওরা নিজেদের শাসনকালে বসে থাকতেন, আর ভাবতেন সব নিজে থেকে হয়ে যাবে। কিন্তু আমরা যা করেছি, তা সম্ভব হয়েছে কঠোর শৃঙ্খলা এবং পরিশ্রমের কারণে।’

তিনি বলেন, ‘২০২৮ সালে আপনারা যখন আবার অনাস্থার কথা বলবেন তখন ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।’   

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, তিনি লোকসভায় বিরোধীদের সমালোচনার জবাবে বলেছেন, ‘মণিপুরে আবারও শান্তি ফিরবে। আমি মণিপুরের জনগণকে নিশ্চয়তা দিতে চাই, রাজ্যটি খুব শিগগিরই উন্নয়নের পথে ফিরে আসবে। এজন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এখানে দাঁড়িয়ে কেউ কেউ ভারতমাতাকে নিয়ে কথা বলেছেন, যা দেশবাসীকে মর্মাহত করেছে। কেউ কেউ ভারতমাতার মৃত্যুর কথাও বলেছেন, আমাদের জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে।’

তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনীর জন্য হেলিকপ্টার বানাতো এইচএএল, সেই সংস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল এই বিরোধীরা। সেই এইচএএল এখন আরও উন্নতি করে ফুলে ফেঁপে উঠেছে। এরা এলআইসির নামে খারাপ কথা বলেছিল। সেই এলআইসিও সঙ্কট কাটিয়ে উঠেছে। ২০১৮ সালে এরা আমাদের সরকার পড়ে যাবে বলেছিল। তারপর আরও বেশি ভোট পেয়ে আমাদের সরকার আবার ক্ষমতায় এসেছে।  

পার্লামেন্টে মোদি বলেন, ‘আপনাদের একটা গোপন কথা বলি, ঈশ্বরের কাছে এক অদ্ভুত বর পেয়েছেন বিরোধীরা। ওরা যাদেরই খারাপ চেয়েছেন, তাদেরই ভাল হয়েছে।’ 

‘গরীবদের খিদে নিয়ে বিরোধীরা ভাবেন না’, বলেন মোদি। তার মন্তব্য, ‘বিরোধীদের একটাই চিন্তা আর খিদে, সেটা হল ক্ষমতার খিদে’। প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের নিজেদের বই-খাতার ঠিক নেই, তারা আমাদের হিসাব নিচ্ছেন। বার বার আমাদের সরকারের উপর আস্থা প্রকাশ করেছেন মানুষ। অনাস্থা প্রস্তাব আসলে বিরোধীদের অ্যাসিড টেস্ট।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

Walton Ads