টানা বর্ষণে বিপর্যস্ত হিমাচল-উত্তরাখণ্ড, বিপদসীমার উপর গঙ্গার পানি
প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড দুই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এই প্রাকৃতিক দুর্যোগে শুধু হিমাচলেই মৃত্যু হয়েছে ৫১ জনের। তিন জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের বহু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেহরাদূন, টিহরী, পৌড়ী, উধম সিংহ নগর, নৈনিতাল, চম্পাবতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
হরিদ্বারেও এই সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টিতে রাজ্যের বেশির ভাগ নদীগুলি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হরিদ্বার এবং হৃষীকেশে। এখানে গঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিপদসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গার পানি। ফলে নদী তীরবর্তী বহু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। ঘরবাড়ি ছাড়া হয়েছে বহু মানুষ।
শুধু হরিদ্বার বা হৃষীকেশই নয়, দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর এবং দেবপ্রয়াগে অলকানন্দা, মন্দাকিনী এবং গঙ্গার পানি বিপজ্জনকভাবে বাড়ছে।
কেন্দ্রীয় পানি কমিশনের প্রকৌশলী জানিয়েছেন, গঙ্গার পানি বিপদসীমায় পৌঁছেছে। রোববার রাতে হৃষীকেশে ৪৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘রাজ্যের বহু জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের কাজ চালাচ্ছে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি