সুদানে হস্তক্ষেপ প্রয়োজন, জানালো জাতিসংঘ

 বিশ্বের ২০টি গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ যৌথভাবে একটি রিপোর্টে বলা হয়েছে, এমন পরিস্থিতি চলতে থাকলে কিছুদিনের মধ্যেই ভয়াবহ খাদ্যসংকট তৈরি হবে দেশটিতে। বস্তুত, তীব্র খাদ্যসংকটের পরিস্থিতি থেকে সুদান এক পা দূরে আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 

রিপোর্টে বলা হয়েছে, খাদ্যসংকট হলে দেশের ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। না খেতে পেয়ে মৃত্যু হবে তাদের। বস্তুত, ইতোমধ্যেই খাবার লুঠ শুরু হয়ে গেছে। দুইপক্ষের সেনাই বেসামরিক মানুষের জন্য আসা খাবার এবং মানবিক সাহায্য লুঠ করছে। মানবাধিকার সংগঠনের কর্মীদের উপরেও আক্রমণ চালানো হচ্ছে।

গত ১৫ জুলাই থেকে সুদানের সেনাপ্রধানের সঙ্গে আধা সামরিক বাহিনীর প্রধানদের লড়াই শুরু হয়েছে। ফলে সামরিক বাহিনী কার্যত দুইভাগে বিভক্ত। মধ্যবর্তী সময়ে আটবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও লড়াই থামেনি। ফলে দেশের প্রশাসন কার্যত ভেঙে পড়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী এবং শিশুরা। নারীদের উপর অত্যাচার ৯০০ শতাংশ বেড়েছে। তাদের ধর্ষণ করা হচ্ছে এবং যৌন হেনস্থা করা হচ্ছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী যুদ্ধে এখনো পর্যন্ত অন্তত চার হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২৮ জন মানবাধিকার এবং স্বাস্থ্যকর্মী আছেন। মৃত্যু হয়েছে ৪৩৫টি শিশুর। যুদ্ধের ফলে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত চল্লিশ লাখ মানুষ। তারা হয় নিজের দেশে অথবা পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে।

মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের বক্তব্য, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর এবার সুদানে হস্তক্ষেপ করা উচিত। আর অপেক্ষা করলে বড্ড বেশি ক্ষতি হয়ে যাবে। লাখ লাখ মানুষের প্রাণ সংকটের মুখে পড়বে। ফলে দ্রুত হস্তক্ষেপ করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads