‘আমি শয়তান’, ৭ শিশুকে হত্যার পর ব্রিটিশ নার্স লুসির মন্তব্য

ব্রিটিশ নার্স লুসি লেটবি সাতটি শিশুকে সেবা দেওয়ার সময় খুন করার পর আরো ছয়টি শিশুকে হত্যার চেষ্টা করেছেন। ব্রিটেনের আদালতে এসব অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন লুসি।

লুসির বাড়ি পশ্চিম ইংল্যান্ডের হেয়ারফোর্ডে। ইউনিভার্সিটি অব চেস্টার থেকে নার্সিংয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১১ সালে স্নাতক শেষ করেন। এরপর কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কাজে যোগ দেন। ২০১৫ সালে তিনি শিশুদের নিবিড় পরিচর্যা ইউনিটে কাজের যোগ্যতা অর্জন করেন।

 বিচারকালে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লুসি বলেছেন, ‘আমি বরাবরই শিশুদের নিয়ে কাজ করতে চাইতাম।’ ব্যক্তিজীবনে তিনি খুবই সক্রিয় একজন মানুষ। নিয়মিত নাচের ক্লাসে ও ব্যায়ামাগারে যান। ভ্রমণ করতে পছন্দ করেন।

লুসির বিরুদ্ধে ১৭টি শিশুর ক্ষতি করার অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে কিছু নবজাতক ছিল। মাত্র কয়েক দিন বয়স ছিল তাদের। ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুনের মধ্যে এসব ঘটনা ঘটেছে। বেশির ভাগ ঘটনায় লুসি ভুক্তভোগী শিশুদের শরীরে ইনজেকশনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে দিয়েছিলেন। এ ছাড়া প্রসিকিউটররা লুসির বিরুদ্ধে ইনসুলিন প্রয়োগ ও অতিরিক্ত দুধ খাওয়ানোর অভিযোগ এনেছেন।

তথ্যপ্রমাণের ভিত্তিতে সাত শিশুকে হত্যা ও আরও ছয় শিশুকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হয়েছেন লুসি। তবে অপর দুই শিশুকে হত্যা ও দুটিকে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়নি। ভুক্তভোগী শিশুদের মধ্যে এক দম্পতির যমজ দুই ছেলে–মেয়ে এবং যমজ তিন ছেলেশিশু রয়েছে দুই দম্পতির। এসব শিশুর পরিচয় প্রকাশ করা হয়নি।

আদালতে প্রসিকিউটর নিক জনসন জানান, ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন সময়ে কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে শিশুমৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। সন্দেহ হওয়ায় ওই সময় লুসিকে নবজাতক ইউনিট থেকে সরিয়ে দেওয়া হয়। তদন্ত চলে এসব ঘটনা নিয়ে।

লুসির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পুরোনো নোট উদ্ধার করেছে পুলিশ। ওই নোটে লুসি লিখেছিলেন, ‘আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ওদের খুন করেছি। কারণ, আমি ঠিকমতো ওদের দেখাশোনা করতে পারিনি।’পরে লুসি আদালতে স্বীকার করেন, যখন তাকে নবজাতক ইউনিট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি ওই নোট লিখেছিলেন। বুঝতে পেরেছিলেন, তিনি ভয়ংকর ভুল করে ফেলেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads