ব্রিটিশ মন্ত্রী, সাংবাদিকসহ ৫৪ জনের বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা
ব্রিটিশ রাজনীতিবিদ ও সাংবাদিকসহ ৫৪ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এদের মধ্যে মন্ত্রীও রয়েছেন। তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশের নাগরিকদের ওপর দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের নাম রয়েছে। এ ছাড়া বিবিসি, দ্য ডেইলি টেলিগ্রাফ এবং দ্য গার্ডিয়ানের কয়েকজন সাংবাদিকের নামও নিষেধাজ্ঞার তালিকায় আছে।
রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে একঘরে করতে তদবির চালানোর কারণে ফ্রেজারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য দায়ী করে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোলডিকে নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসির যে সাংবাদিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন প্রধান নির্বাহী ডেবোরাহ টার্নেস, উপস্থাপক ও বিশ্লেষণ সম্পাদক রস অ্যাটকিনস এবং সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক প্রতিনিধি মারিয়ানা স্প্রিং। তবে বিবিসি বলেছে, তারা বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে যাবে।
গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ইউক্রেন থেকে শিশুদের অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগে এ পরোয়ানা জারি হয়। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা তাদের নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়াবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি