জাতিগত জনগণনা সমীক্ষা ফলপ্রকাশে নিষেধাজ্ঞা দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট

 ভারতের বিহার কাস্ট সেন্সাস নিয়ে বড় মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে সাংবিধানিক অধিকার লঙ্ঘন না হলে বিহার সরকারকে জাতিগত জনগণনার সমীক্ষার ফলাফল প্রকাশ করা থেকে বিরত করা যাবে না।

আদালতের এ নির্দেশনায় বড়সড় স্বস্তি পেল নীতীশ সরকার। আদালত বিহারে জাতিগত জনগণনার সমীক্ষার ফলাফল প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করেছে। এর আগে পাটনা হাইকোর্ট বিহার সরকারকে জাতিগত জনগণনা সমীক্ষার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল। বিহারে জাতিগত জনগণনার সমীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে যে বিহার সরকারকে বিহার কাস্ট সেন্সাসের অধীনে সংগৃহীত তথ্য বা ফলাফল প্রকাশ করা থেকে বিরত রাখতে পারে না। শীর্ষ আদালত বলেছে যে রাজ্য সরকার সাংবিধানিক অধিকার লঙ্ঘন না করে এই সমীক্ষা চালালে আমরা রাজ্যসরকারকে ডেটা প্রকাশ করা থেকে বিরত করতে পারি না। একদল আবেদনকারী পাটনা হাইকোর্টের ১ আগস্টের আদেশকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেন। পাটনা হাইকোর্ট তার আদেশে বিহার সরকারকে জাতিগত জনগণনা সমীক্ষা সম্পূর্ণ করার অনুমতি দিয়েছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়। একটি এনজিও ছাড়াও হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরেকটি পিটিশন দায়ের করা হয়। বিহারের নালন্দার বাসিন্দা অখিলেশ কুমারের দায়ের করা পিটিশনে যুক্তি দেওয়া হয়েছিল যে রাজ্য সরকার জাতিগত জনগণনা সমীক্ষা করার জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছে তা সংবিধানের বিধানের বিরুদ্ধে। সংবিধানের বিধান অনুসারে, এই সমীক্ষা করার অধিকার শুধুমাত্র ভারতের কেন্দ্রীয় সরকারের রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads