লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় কর্মকর্তাসহ ৯ সেনা জওয়ান নিহত

 ভারতে কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চলের লেহ জেলার লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে একজন কর্মকর্তাসহ ৯ সেনা জওয়ান নিহত হয়।

শনিবার সন্ধা সাড়ে ৬টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক জওয়ান প্রাণ হারান। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।

পাঁচটি গাড়ির একটি কনভয় ছিল, যার মধ্যে একটি দুর্ঘটনার কবলে পড়ে। লেহ-এর সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পিডি নিত্য বলেছেন, সেনাবাহিনীর গাড়িটি ১০ সেনা জওয়ানকে নিয়ে লেহ থেকে নয়োমা যাচ্ছিল। তিনি বলেন, পথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোয় সেটি খাদে পড়ে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোক বার্তায় বলেছেন, ‘লেহ-এর কাছে দুর্ঘটনায় আমরা ভারতীয় সেনাদের হারিয়েছি তাতে ব্যাথিত। জাতির প্রতি তাদের অসামান্য সেবা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

গত ২৯ এপ্রিল জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা অ্যাম্বুলেন্স সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছিলেন। একই সঙ্গে আহত হন ২ জওয়ান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে কেরি সেক্টরে ওই দুর্ঘটনা হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads