মণিপুর সহিংসতার সব মামলার শুনানি হবে আসামে, নির্দেশ সুপ্রিম কোর্টের

শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত সিবিআইয়ের হাতে রয়েছে, তার শুনানি হবে আসামের গুয়াহাটিতে। মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত মনোনয়নের ভার গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়া, সহিংসতায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল শুনানিও চলতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ জন্য প্রয়োজনীয় ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে মণিপুর সরকারকে।

মণিপুরের কংপোকপিতে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ নিয়ে গত ২০ জুলাই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এর পরে গত ৮ আগস্ট মণিপুর হিংসার তদন্ত এবং হিংসার ফলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের উপর নজরদারির জন্য হাই কোর্টের তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।

শুনানিতে কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি শীর্ষ আদালতকে জানান, কংপোকপির ঘটনা-সহ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ১১টি মামলার তদন্ত করছে সিবিআই। সুপ্রিম কোর্ট তখন নির্দেশ দিয়েছিল, ভিন্রাজ্যের পাঁচ জন ডিএসপি স্তরের অফিসার সিবিআই তদন্তের উপর নজরদারি করবেন। তাদের উপরে থাকবেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার দত্তাত্রেয় পড়সলগিকর।

একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছিল, মণিপুরে হিংসার ঘটনার তদন্তে যুক্ত ৪২টি বিশেষ তদন্তকারী দল (সিট)-এর উপর নজরদারি করবেন অন্যরাজ্যের ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা। একজন ডিআইজি ছ’টি সিটের উপর নজরদারি করবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads