চন্দ্রজয়ের জন্য ভারতীয় বিজ্ঞানীদের অভিনন্দন জানালো পাকিস্তান
অভিনন্দন জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতার জহরা বালোচ এটিকে একটি বিরাট বৈজ্ঞানিক সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এই কৃতিত্বের জন্য অভিনন্দন প্রাপ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের।’
বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় করে ইতিহাস গড়েছে ভারত। এই পরিস্থিতিতে বুধবার থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পাকিস্তানের রাজনৈতিক মহল এবং আমজনতার মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে পক্ষে-বিপক্ষে নানা মতামত। কটাক্ষ আর শ্লেষের পাশাপাশি চন্দ্রযান-৩-এর সাফল্যকে প্রকাশ্যে প্রশংসাও জানাচ্ছেন পাকিস্তানি নাগরিকদের একাংশ। সেই সঙ্গে নিজেদের দেশের বেহাল আর্থিক পরিস্থিতি এবং পাকিস্তানি নাগরিকদের দুরবস্থা নিয়ে কটাক্ষও চলছে।
ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদে থাকা ফাওয়াদ চৌধরি খোলাখুলি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্যে খুশি প্রকাশ করেছেন। এমনকি, চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের কয়েক ঘণ্টা আগেই ওই ‘ঐতিহাসিক মুহূর্ত’ সরাসরি পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলে সম্প্রচারের জন্য সে দেশের সরকারকে অনুরোধ জানিয়েছিলেন তিনি। যদিও তাতে কান দেয়নি সে দেশের তত্ত্বাবধায়ক সরকার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি