আফগাস্তিানে দায়েশের উপস্থিতি নিয়ে জাতিসংঘ রিপোর্টের তিরস্কার করল তালিবান
তালিবানের মুখপাত্র বলেছেন, তাদের নিরাপত্তা বাহিনী অবৈধ অস্ত্র ও দায়েশের (আইএস) বিরুদ্ধে শত শত অভিযান করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রিপোর্টে দাবি করা হয়েছে যে, দায়েশ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)সহ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ আফগানিস্তানে অবস্থান করছে এবং তারা মার্কিন বাহিনীর ফেলে আসা অস্ত্রশস্ত্র পাচ্ছে। আফগানিস্তানের অন্তবর্তীকালীন তালিবান সরকার এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, এ রিপোর্ট পুরোপুরি ভিত্তিহীন।
জাতিসংঘের দুই জন সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তা শুক্রবার নিরাপত্তা পরিষদকে বলেন, ন্যাটো জোটের সেনাদের ফেলে আসা অস্ত্রসজ্জিত দায়েশ ও তার সঙ্গে সংশ্লিষ্ট টিটিপি অব্যাহতভাবে সংঘাতপূর্ণ এলাকাসমূহ ও প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের এ বক্তব্য দেওয়ার পর তালিবানের পক্ষ থেকে রিপোর্টটির তিরস্কার করা হয়।
মুজাহিদ দাবি করেন, গত এক বছরে দায়েশের অবস্থান শুণ্যের কোঠায় নেমে এসেছে। তিনি বলেন, মূলত জাতিসংঘ ও অন্যদের একতরফা অবরোধ আরোপের কারণে আফগানিস্তানে মানবিক সংকট বিরাজ করছে। মুজাহিদ এ অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে এ ধরণের নীতি পরিবর্তন করার দাবি জানান। এ ছাড়া আফগানিস্তানে জব্দ করা সম্পদও ফেরত দেওয়ার দাবি জানান তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি