জেরুজালেমে দূতাবাস খুলছে পাপুয়া নিউ গিনি

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি। দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে আগামী সপ্তাহে জেরুজালেম সফর করবেন এবং সেই সময়ই ওই দূতাবাস উদ্বোধন করবেন। বার্তাসংস্থা রয়টার্স সোমবার (২৮ আগস্ট) তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ফেব্রুয়ারি মাসে বলেছিল, ২০২৩ সালের কোনও এক সময় তাদের দেশে প্রথম দূতাবাস খুলবে পাপুয়া নিউ গিনি। চ্যানেল ১৪ এবং টাইমস অব ইসরায়েলসহ ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর দূতাবাসের উদ্বোধন হবে।

রয়টার্স জানায়, ইসরায়েলে সরকারি কূটনৈতিক উপস্থিতিসহ বেশিরভাগ দেশের দূতাবাস রয়েছে তেল আবিব শহরে। তবে কেবল যুক্তরাষ্ট্র, কসোভো, গুয়াতেমালা ও হন্ডুরাসের দূতাবাস জেরুজালেমে রয়েছে।

জেরুজালেম নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দশকের পর দশক ধরে সংঘাত চলছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশকের মার্কিন নীতির বাইরে গিয়ে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এরপর ২০১৮ সালের মে মাসে ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়।

ফিলিস্তিনিরা জেরুজালেমকে নিজেদের রাজধানী মনে করেন। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধে জেরুজালেম দখলের পর ইসরায়েল তা নিজেদের ভূখণ্ড হিসাবে ঘোষণা দেয়। তবে ইসরায়েলের এই দাবি আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads