৩৭০ বাতিলের বিরুদ্ধে শুনানিতে অংশ নিয়ে কেন সাসপেন্ড কলেজ শিক্ষক? জবাব চাইল
ভারতের সুপ্রিম কোর্ট সোমবার দেশটির প্রধান কৌঁসুলিকে নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে কথা বলে এটা জানতে যে নরেন্দ্র মোদি সরকারের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে শীর্ষ আদালতে যুক্তি উপস্থাপনের কয়েকদিন পর এক কলেজ শিক্ষককে কেন সাসপেন্ড করা হল।
সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানতে চান যে সাসপেন্ডের এ নির্দেশ কি ওই শিক্ষক ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে শীর্ষ আদালতে যুক্তি প্রদর্শন করেছেন সে কারণে এবং যদি এটা হয়ে থাকে তাহলে এই আদেশ প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে দেখা হবে।
আনন্দবাজার আরও জানায়, গত বুধবার শীর্ষ আদালতে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, পেশায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক জহুর আহমেদ ভট। শুক্রবারেই তাকে সাসপেন্ড করে জম্মু ও কাশ্মীর সরকারের শিক্ষা দফতর। তাই জহুরের অভিযোগের প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক এবং সরকার প্রধানের মত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
জম্মু ও কাশ্মীর শিক্ষা দফতর শুক্রবার জহুরকে সাসপেন্ড করার যে নির্দেশিকা জারি করেছিল তাতে বলা হয়, ‘জম্মু ও কাশ্মীর সিভিল সার্ভিস রেগুলেশন’, জম্মু ও কাশ্মীর সরকারি কর্মচারী আচরণবিধি এবং জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের ছুটি সংক্রান্ত বিধি লঙ্ঘনের জন্য জহুরকে সাসপেন্ড করা হয়েছে। তাঁকে আপাতত ওই কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষা দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।
উপত্যকার বিরোধী দলগুলির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা নিতেই উত্তরপ্রদেশের সাবেক বিজেপি সাংসদ মনোজের নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর সরকারের এই পদক্ষেপ। সরকারি কর্মীদের ছুটি সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ খারিজ করে আবেদনকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘‘নিয়ম মেনে দু’দিনের ছুটি নিয়ে শুনানিতে অংশ নিয়েছিলেন কলেজ শিক্ষক জহুর।’’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি